ঈদুল আযহা উপলক্ষে বিমানের যাত্রীদের জন্য উপহার ও খাবারের আয়োজন
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, May 24, 2026
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সংস্থাটির আন্তর্জাতিক সকল বহির্গমন ফ্লাইটে যাত্রীদের জন্য উপহার সামগ্রী ও বিশেষ খাবার বিতরণের একটি উদ্যোগ নিয়েছে।
যাত্রীসেবার মান উন্নয়ন ও যাত্রীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক আরো সুদৃঢ় করার জন্য এমন উদ্যেগ নেওয়া হয়েছে বলে আজ রবিবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উপহার সামগ্রী ঈদের দিন যাত্রীদের মধ্যে বিতরণের লক্ষ্যে রবিবার (২৪ মে) বিমান বলাকা ভবনে উপহার সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ উপহার সমূহ মহাব্যবস্থাপক, বিক্রয়সিসি’র নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বিমানের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও ডিসিইও সৈয়দ মইন উদ্দিন আহমেদ, পরিচালক গ্রাহক সেবা বদরুল হাসান লিটন এবং অতিথিবৃন্দ সহ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঈদের দিন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে সম্মানিত যাত্রীদের জন্য বিশেষ খাবার পরিবেশন করা হবে।
এছাড়া, ঈদের দিন দায়িত্ব পালনরত বিমানের সকল শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীদের জন্যও বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে উৎসবের আনন্দ কর্মক্ষেত্রেও সমভাবে ভাগাভাগি করা যায়।