এয়ার ইন্ডিয়া-থাই এয়ারওয়েজের কোডশেয়ার চুক্তির উদ্যোগ
ডেস্ক রিপোর্ট
| Published: Tuesday, June 09, 2026
ছবি: এয়ার ইন্ডিয়া
ভারত ও থাইল্যান্ডের মধ্যে বিমান যোগাযোগ আরও সহজ করতে এয়ার ইন্ডিয়া এবং থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল (থাই) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
এয়ার ইন্ডিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে গত শনিবার ব্রাজিলের রিও ডি জেনেইরোতে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) বার্ষিক সাধারণ সভার ফাঁকে এই এমওইউ স্বাক্ষরিত হয়।
চুক্তির আওতায় দুই এয়ারলাইন্স ২০২৬ সালের মধ্যে একটি আনুষ্ঠানিক কোডশেয়ার চুক্তি চালু করার পরিকল্পনা করছে, তবে এটি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষ। প্রাথমিকভাবে ভারত ও থাইল্যান্ডের মধ্যবর্তী রুটগুলো এই ব্যবস্থার অধীনে আসবে। পরে এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার বাছাই করা গন্তব্যেও তা সম্প্রসারিত হতে পারে।
কোডশেয়ার চুক্তির মাধ্যমে একটি এয়ারলাইন্স অপর এয়ারলাইন্সের পরিচালিত ফ্লাইটে নিজের কোড ব্যবহার করে আসন বিক্রি করতে পারে। এতে যাত্রীরা একটি বুকিংয়েই বৃহত্তর নেটওয়ার্কে ভ্রমণ করতে পারেন এবং লাগেজ হস্তান্তর ও ট্রানজিট সংযোগও সহজ হয়।
এয়ার ইন্ডিয়ার প্রধান নির্বাহী ক্যাম্পবেল উইলসন বলেন, ভারত ও থাইল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে এবং দুই দেশের মধ্যে পর্যটন ও ব্যবসায়িক যাতায়াতও ক্রমেই বাড়ছে। এই অংশীদারিত্ব যাত্রীদের আরও বেশি ভ্রমণ বিকল্প দেবে এবং আন্তর্জাতিক বাজারে ভারতের সংযোগ জোরদার করবে।
থাই এয়ারওয়েজের প্রধান নির্বাহী চাই ইয়ামসিরি বলেন, এই এমওইউ আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি এবং দুই দেশের মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, দুটি এয়ারলাইন্সই স্টার অ্যালায়েন্সের সদস্য এবং ইতোমধ্যে তাদের মধ্যে একটি ইন্টারলাইন চুক্তি বিদ্যমান রয়েছে। নতুন কোডশেয়ার চুক্তির বিস্তারিত তথ্য ও রুটসংক্রান্ত ঘোষণা নিয়ন্ত্রক অনুমোদন পাওয়ার পর জানানো হবে।