রিয়াদ এয়ারের বহরে তৃতীয় ড্রিমলাইনার, পাঁচ গন্তব্যে টিকিট বিক্রি শুরু
ডেস্ক রিপোর্ট
| Published: Tuesday, June 09, 2026
ছবি: সংগৃহীত
সৌদি আরবের নতুন এয়ারলাইন্স রিয়াদ এয়ার বাণিজ্যিক কার্যক্রম শুরুর আগেই বড় ঘোষণা দিল। এয়ারলাইন্সটি একসঙ্গে তাদের প্রথম দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উন্মোচন করেছে এবং পাঁচটি গন্তব্যে টিকিট বিক্রি শুরু করেছে। একই সময়ে তৃতীয় একটি বোয়িং ৭৮৭-৯ জেদ্দায় পৌঁছেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের গভর্নর ও রিয়াদ এয়ারের চেয়ারম্যান ইয়াসির আল-রুমাইয়ান এবং প্রধান নির্বাহী টনি ডগলাস।
নতুন গন্তব্যগুলো হলো কায়রো, দুবাই, জেদ্দা, মাদ্রিদ ও ম্যানচেস্টার। রুটভিত্তিক উড্ডয়ন শুরু হবে ১৪ জুন জেদ্দা দিয়ে। এরপর ১৮ জুন দুবাই, ২৫ জুন কায়রো, ১৭ জুলাই মাদ্রিদ এবং ২৩ জুলাই ম্যানচেস্টার রুটে ফ্লাইট চালু হবে। পাশাপাশি রিয়াদ-লন্ডন রুটের উদ্বোধন ১ জুলাই থেকে এগিয়ে এনে ১০ জুন করা হয়েছে। দ্রুত বিমান সরবরাহ ও অপারেশনাল প্রস্তুতিকে এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সব রুটেই বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ব্যবহার করা হবে। এটি এয়ারলাইন্সটির মোট ৭২টি বিমানের পরিকল্পিত অর্ডারের প্রথম ধাপ। ২০২৬ সালের শেষ নাগাদ বহরে মোট ১০টি বিমান যুক্ত হবে বলে জানিয়েছেন এয়ারলাইন্সের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট উসামাহ আলনুয়াইসার। তিনি আরও জানান, ২০৩০ সালের মধ্যে রিয়াদ এয়ার বিশ্বের ১০০টিরও বেশি গন্তব্যে সংযুক্ত হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে।
চেয়ারম্যান আল-রুমাইয়ান বলেন, এই উদ্যোগ সৌদি ভিশন ২০৩০-এর বৃহত্তর লক্ষ্যমাত্রার অংশ — বৈশ্বিক যোগাযোগ জোরদার করা, অর্থনৈতিক বৈচিত্র্য আনা এবং সৌদি আরবকে বিশ্বমানের বিমান পরিবহন ও লজিস্টিক্স হাব হিসেবে প্রতিষ্ঠিত করা।
প্রধান নির্বাহী ডগলাস বলেন, প্রাথমিক গন্তব্যগুলো বেছে নেওয়া হয়েছে ব্যাপক ভ্রমণ চাহিদা এবং ব্যবসা ও পর্যটন প্রবাহ বাড়ানোর সম্ভাবনা বিবেচনায়। নেটওয়ার্ক কৌশলটি ইউরোপ, মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার মধ্যে সংযোগ শক্তিশালী করার পাশাপাশি রিয়াদকে প্রধান বৈশ্বিক ট্রানজিট হাব হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।
এর পাশাপাশি এয়ারলাইন্সটি 'সফির' নামে একটি লয়ালিটি কার্যক্রমও চালু করেছে। এতে থাকছে বিনামূল্যে ইনফ্লাইট ওয়াই-ফাই, পারিবারিক পয়েন্ট শেয়ারিং এবং নো-এক্সপায়ারি পুরস্কার কাঠামোসহ বিভিন্ন সুবিধা। 'ফাউন্ডার্স' হিসেবে প্রাথমিক সদস্যরা নতুন রুটে অগ্রাধিকারভিত্তিক প্রবেশাধিকারসহ বাড়তি সুবিধা পাবেন।
রিয়াদ এয়ারের বিমানগুলোতে থাকবে চারটি কেবিন শ্রেণি — বিজনেস এলিট, বিজনেস, প্রিমিয়াম ইকোনমি ও ইকোনমি। সর্বশেষ প্রযুক্তির ইনফ্লাইট সুবিধা ও উন্নত যাত্রীসেবার ব্যবস্থা রাখা হয়েছে প্রতিটি বিমানে।
সূত্র: আরব নিউজ