১৬ জানুয়ারি থেকে মালয়েশিয়া হাইকমিশনে ডিজিটাল পেমেন্ট চালু
ডেস্ক রিপোর্ট
| Published: Tuesday, January 13, 2026
ফাইল ফটো
মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য কনস্যুলার সেবায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন। ১৬ জানুয়ারি থেকে হাইকমিশনের সব ধরনের কনস্যুলার সেবার ফি ডিজিটাল পদ্ধতিতে গ্রহণ করা হবে।
সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের প্রধান প্রণব কুমার ভট্টাচার্য।
নতুন এই ব্যবস্থার আওতায় ভিসা, সত্যায়ন, ট্রাভেল পারমিটসহ বিভিন্ন কনস্যুলার সেবার ফি সরাসরি হাইকমিশনের কাউন্টারে ডেবিট কার্ড অথবা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে পরিশোধ করতে পারবেন বাংলাদেশি নাগরিকরা। এ উদ্যোগ বাস্তবায়নে কুয়ালালামপুরের লোরং ইয়াপ ক্বান সেং এলাকায় অবস্থিত হাইকমিশনের কনস্যুলার কাউন্টারে মেইব্যাংকের মার্চেন্ট কার্ড সার্ভিস স্থাপন করা হয়েছে।
তবে আগের মতো নির্ধারিত মেইব্যাংক শাখায় গিয়ে ফি জমা দেওয়ার পদ্ধতিও বহাল থাকবে। ফলে সেবাপ্রত্যাশীরা নিজেদের সুবিধা অনুযায়ী ডিজিটাল পেমেন্ট অথবা ব্যাংক ডিপোজিটের মধ্যে যেকোনো একটি অর্থ জমা দেওয়ার উপায় বেছে নিতে পারবেন।
উল্লেখ্য, মালয়েশিয়ায় বিপুলসংখ্যক বাংলাদেশি অভিবাসী শ্রমিক বসবাস করেন। আগে কনস্যুলার সেবা পেতে আবেদনকারীদের নির্দিষ্ট ব্যাংক শাখায় গিয়ে ফি জমা দিতে হতো, যা অনেক সময় বিলম্ব ও ভোগান্তির কারণ হয়ে দাঁড়াত।