আইকাওর নিরাপত্তা অডিট শুরু, চলবে ৬ নভেম্বর পর্যন্ত
জ্যেষ্ঠ প্রতিবেদক
| Published: Tuesday, October 27, 2026
-বেবিচক
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও) আজ থেকে বাংলাদেশের বিমান নিরাপত্তা ব্যবস্থার ওপর অডিট শুরু করেছে। আন্তর্জাতিক মানদণ্ডের আলোকে দেশের নিরাপত্তা তদারকি কাঠামো যাচাইয়ের এ কার্যক্রম চলবে ৬ নভেম্বর পর্যন্ত।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইকাওর ইউনিভার্সাল সিকিউরিটি অডিট প্রোগ্রাম–কনটিনিউয়াস মনিটরিং অ্যাপ্রোচের (ইউসাপ-সিএমএ) আওতায় এ অডিট হচ্ছে।
অডিট উপলক্ষে সোমবার সকালে কুর্মিটোলায় বেবিচক সদর দপ্তরে জাতীয় ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল।
বাংলাদেশের ন্যাশনাল কো-অর্ডিনেটর মোহাম্মদ আলমগীর আইকাও অডিট দলকে দেশের বিমান নিরাপত্তা তদারকি ব্যবস্থা সম্পর্কে অবহিত করেন। এরপর আইকাও অডিট দলের টিম লিডার ক্যালাম ভাইন জাতীয় ব্রিফিং দেন।
অনুষ্ঠানে অডিট দলের সদস্য এবং বিমান নিরাপত্তা কার্যক্রমের সঙ্গে জড়িত বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ব্রিফিং শেষে আইকাও দল বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করে।
চেয়ারম্যান বলেন, এ অডিট শুধু মূল্যায়নের কাজ নয়। আন্তর্জাতিক মানদণ্ডের নিরিখে দেশের জাতীয় বিমান নিরাপত্তা তদারকি ব্যবস্থা পর্যালোচনা, অর্জন চিহ্নিত করা এবং উন্নয়নের ক্ষেত্র ঠিক করার এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। অডিটের পর্যবেক্ষণ ও সুপারিশ দেশের বিমান নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, অডিটে প্রাপ্ত পর্যবেক্ষণ ও অনুসন্ধানের ভিত্তিতে সংশোধনমূলক কর্মপরিকল্পনা তৈরি করে নির্ধারিত সময়ের মধ্যে তা কার্যকরভাবে বাস্তবায়নে বেবিচক প্রতিশ্রুতিবদ্ধ।
ব্রিফিংয়ে সভাপতির বক্তব্যে এয়ার কমডোর আসিফ ইকবাল অডিট কার্যক্রম সহজ করতে সংশ্লিষ্ট সব সংস্থা ও প্রতিষ্ঠানের পূর্ণ সহযোগিতা চান। তিনি সঠিক নথি ও তথ্য সময়মতো সরবরাহ, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাক্ষাৎকার ও পর্যবেক্ষণের জন্য প্রস্তুত রাখা এবং নির্ধারিত বিমানবন্দর ও স্থাপনায় অডিটরদের প্রবেশাধিকার নিশ্চিত করার ওপর জোর দেন। অডিট নির্বিঘ্নে সম্পন্ন করতে জাতীয় সমন্বয়কের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার ওপরও তিনি গুরুত্ব দেন।
এ ছাড়া জাতীয় ব্রিফিংয়ের মাধ্যমে অডিটের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় জোরদার এবং দেশের বিমান নিরাপত্তা ব্যবস্থার ধারাবাহিক উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।