বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীদের সাথে বোয়িং ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ, বিমান লিজ নিয়ে আলোচনা
সিনিয়র প্রতিবেদক
| Published: Monday, April 06, 2026
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বোয়িং ভাইস প্রেসিডেন্ট এর সৌজন্য সাক্ষাৎ। ছবি: মন্ত্রণালয়
বোয়িং-এর ভাইস প্রেসিডেন্ট পল রিঘি সোমবার বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে চুক্তিসংক্রান্ত বিভিন্ন বিষয় এবং দেশের ক্রমবর্ধমান বিমান চলাচলের চাহিদা পূরণে বিমান লিজ নেওয়ার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে সকাল ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এই সাক্ষাতে উপস্থিত ছিলেন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে জানানো হয় উভয় পক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বোয়িং-এর বিদ্যমান ও সম্ভাব্য চুক্তির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বাংলাদেশের বর্তমান চাহিদা পূরণের লক্ষ্যে বোয়িং থেকে বিমান লিজ নেওয়ার বিষয়েও আগ্রহ প্রকাশ করা হয়।
পল রিঘি বোয়িং-এর ন্যারো বডি বিমান, বিশেষত বি৭৩৭ সিরিজ, লিজ দেওয়ার ক্ষেত্রে বোয়িং-এর আগ্রহের কথা জানান। মন্ত্রী আফরোজা খানম যত দ্রুত সম্ভব এই লিজ কার্যক্রম এগিয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দীর্ঘদিন ধরে সক্ষমতার সংকটে ভুগছে এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ক্রমবর্ধমান যাত্রী চাহিদা মেটাতে সরকার বহর সম্প্রসারণের বিকল্প খুঁজছে।
জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমানের বহর আধুনিকায়ন ও সক্ষমতা বাড়াতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। ১৪টি নতুন বোয়িং উড়োজাহাজ কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে, পাশাপাশি ডেলিভারিতে দীর্ঘ সময় লাগায় অন্তর্বর্তী সমাধান হিসেবে এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে।
এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, ১৪টি বোয়িং বিমান কেনার বিষয়ে নীতিগত অনুমোদন ইতোমধ্যে দেওয়া হয়েছে এবং এখন শুধু চুক্তি স্বাক্ষরের অপেক্ষা।