ঢাকায় ইফতার আয়োজনে একত্রিত হচ্ছেন হোটেল শিল্প কর্মীরা
সিনিয়র প্রতিবেদক
| Published: Tuesday, February 17, 2026
ছবি: সংগৃহীত
বাংলাদেশের হোটেল ও আতিথেয়তা খাতের পেশাজীবীরা ২৩ ফেব্রুয়ারি একত্রিত হচ্ছেন বার্ষিক ‘হোটেলিয়ার্স গেট টুগেদার – ইফতার ও ডিনার ২০২৬’ আয়োজনে। রাজধানীর রেঁনেসা ঢাকা গুলশান হোটেলে এই আয়োজন করা হবে।
রমজান মাসে পেশাগত সংহতি আরও জোরদার করার লক্ষ্যেই হোটেল ও আতিথেয়তা খাতের পেশাজীবীদের সংগঠন ‘উই আর হোটেলিয়ার’-এর উদ্যেগে এই আয়োজন করা হবে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে হোটেল শিল্প কর্মীরা আয়োজনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। আয়োজকদের মতে, ঐক্য, আত্মচিন্তা এবং পেশাগত বন্ধনের এক মিলনমেলা হবে এই আয়োজন।
প্রতিবছর আয়োজিত এই হোটেলিয়ার্স ইফতার ইতোমধ্যেই আতিথেয়তা খাতে এক পরিচিত আয়োজন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। উই আর হোটেলিয়ার হোটেল কর্মীদের পেশাগত উন্নয়ন ও ব্যক্তিগত কল্যাণে কাজ করে থাকে। পাশাপাশি খাতের পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেও ভূমিকা রাখে এই সংগঠন।
এর আগে হোটেল প্লাটিনাম ঢাকাসহ দেশের শীর্ষস্থানীয় ভেন্যুগুলোতে এই অনুষ্ঠান আয়োজিত হয়। ইতিমধ্যে দেশের হোটেল ও রিসোর্টে কর্মরত ব্যবস্থাপনা ও সেবাকর্মীদের জন্য এক গুরুত্বপূর্ণ নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে এই আয়োজন।
আয়োজকদের মতে, একসঙ্গে ইফতার করার বাইরেও এই আয়োজন হোটেল খাতের কর্মীদের দৈনন্দিন কাজের চাপ থেকে মুক্ত হয়ে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও পেশাগত গর্বের মতো অভিন্ন মূল্যবোধে যুক্ত হওয়ার সুযোগ করে দেয়।
রাজধানীর অন্যতম আন্তর্জাতিক মানের হোটেল রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে এই আয়োজন করার পরিকল্পনা থেকে বুঝা যায় যে হোটেল খাতে সহযোগিতা ও পেশাগত কমিউনিটি গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করা হচ্ছে।
খাত সংশ্লিষ্টদের মতে, এ ধরনের আয়োজন আতিথেয়তা শিল্পের কর্মীদের মধ্যে পারস্পরিক সংযোগ আরও শক্তিশালী করে। এতে করে সরাসরি এভিয়েশন, পর্যটন ও ব্যবসায়িক ভ্রমণ খাতের মতো দেশের সেবা সংশ্লিষ্ট অর্থনীতির গুরুত্বপূর্ণ স্তম্ভগুলোও উন্নীত হবে।