কানাডায় ৩০ হাজার আশ্রয়প্রার্থীকে নোটিশ: একাংশকে অবিলম্বে দেশ ছেড়ে যাওয়ার নির্দেশ
ডেস্ক রিপোর্ট
| Published: Monday, April 13, 2026
ছবি: সংগৃহীত
কানাডার ইমিগ্রেশন বিভাগ প্রায় ৩০ হাজার আশ্রয়প্রার্থীকে চিঠি পাঠাচ্ছে, যেখানে জানানো হচ্ছে যে তারা শরণার্থী মর্যাদার জন্য যোগ্য নাও হতে পারেন। একাংশকে অবিলম্বে দেশ ছেড়ে যাওয়ার নির্দেশও দেওয়া হচ্ছে।
গত মাসে অটোয়া একটি নতুন আইন পাস করে, যা আশ্রয় আবেদনের পদ্ধতি ও সময়সীমা আরও কঠোর করেছে। এরই ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) সিবিসি নিউজকে দেওয়া এক বিবৃতিতে স্পষ্ট করেছে যে এগুলো নির্বাসন আদেশ নয়। বিভাগটি জানায়, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আবেদনকারীদের অতিরিক্ত তথ্য ও প্রমাণ উপস্থাপনের সুযোগ দিতেই এই 'প্রসিডিউরাল ফেয়ারনেস লেটার' পাঠানো হচ্ছে।
নতুন আইন 'বিল সি-১২' অনুযায়ী, যেসব আবেদনকারী কানাডায় প্রবেশের এক বছরেরও বেশি সময় পরে শরণার্থী দাবি ফাইল করেছেন, তারা ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ডে (আইআরবি) পাঠানোর অযোগ্য বলে বিবেচিত হবেন। আইনটি ২০২০ সালের ২৪ জুন পর্যন্ত পূর্ববর্তী ক্ষেত্রে প্রযোজ্য এবং ২০২৫ সালের ৩ জুন বা তার পরে দায়ের করা আবেদনের ক্ষেত্রে কার্যকর।
চিঠি প্রাপ্তির পর আবেদনকারীরা ২১ দিনের মধ্যে তাদের কানাডায় প্রবেশের পরিস্থিতি সম্পর্কিত অতিরিক্ত তথ্য ও প্রমাণ জমা দিতে পারবেন। যাদের দাবি আইআরবিতে পাঠানো হবে না, তারা 'প্রি-রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্ট' (পিআরআরএ) ফর্ম পূরণের সুযোগ পাবেন, যা একজন কেস অফিসার পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
সূত্র: সিবিসি নিউজ