লেবাননে নিহত বাংলাদেশি কর্মী দিপালীর মরদেহ দেশে এসেছে
হামরা এলাকায় ভয়াবহ হামলায় নিহত; কফিল পরিবারেরও একাধিক সদস্য প্রাণ হারিয়েছেন
ডেস্ক রিপোর্ট
| Published: Friday, May 08, 2026
ছবি: মন্ত্রণালয়
চলমান মধ্যপ্রাচ্য সংকটে লেবাননে যুদ্ধে প্রাণ হারানো বাংলাদেশি কর্মী দিপালী আক্তারের মরদেহ অবশেষে দেশে ফিরেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
লেবাননের রাজধানী বৈরুত থেকে গত বৃহস্পতিবার রাতে তাঁর মরদেহ বহনকারী ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে উপস্থিত থেকে সরকারিভাবে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
গত ৮ এপ্রিল ২০২৬, বুধবার, বৈরুতের হামরা এলাকায় নিজ কফিলের বাসায় অবস্থানকালে ইসরায়েলি বিমান বাহিনীর এক ভয়াবহ বিমান হামলায় নিহত হন দিপালী আক্তার। সেই মর্মান্তিক হামলায় তাঁর কফিল এবং ওই পরিবারের আরও একাধিক সদস্যও প্রাণ হারান।
বিমানবন্দরে মরদেহ হস্তান্তর অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার ও ওয়েলফেয়ার) দেওয়ান আলী আশরাফ এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ আসাদুজ্জামানসহ সরকারের বিভিন্ন স্তরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের ধারাবাহিকতায় বৈরুতসহ লেবাননের বিভিন্ন এলাকায় বেসামরিক নাগরিকরা প্রাণ হারাচ্ছেন। দিপালীর মৃত্যু এই ভয়াবহ সংঘাতে বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের অরক্ষিত অবস্থানকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে এবং যুদ্ধপ্রবণ অঞ্চলে কর্মরত প্রবাসীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরী হয়েছে।