Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

মালয়েশিয়ায় নিহত নজরুলের মরদেহ দেশে ফিরল, পরিবার পেল সরকারি সহায়তা

মালয়েশিয়ায় নিহত নজরুলের মরদেহ দেশে ফিরল, পরিবার পেল সরকারি সহায়তা

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার যুবক নজরুল ইসলামের (৩২) মরদেহ অবশেষে নিজ গ্রামে ফিরেছে। হত্যার ১৮ দিন পর শনিবার (২ মে) ভোরে কালীগঞ্জের গোবরডাঙ্গা গ্রামে মরদেহ পৌঁছালে শোকে মুহ্যমান হয়ে পড়েন স্বজন ও এলাকাবাসী। একই দিন সকাল ১০টায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


এর আগে শুক্রবার দিবাগত রাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। আনুষঙ্গিক আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর রাত চারটার দিকে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।


এ সময় দাফনের আর্থিক সহায়তা হিসেবে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতের মায়ের নামে ৩৫ হাজার টাকার একটি চেক প্রদান করা হয়।


পরিবার সূত্রে জানা যায়, উন্নত জীবনের প্রত্যাশায় ২০১৮ সালে মালয়েশিয়া পাড়ি জমান নজরুল। সেখানে তিনি গরু, ছাগল, হাঁস-মুরগিসহ বিভিন্ন পোষা প্রাণী নিয়ে একটি সমন্বিত খামার গড়ে তোলেন।


ব্যবসায়িক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে তার স্থানীয় অংশীদাররাই তাকে হত্যার পরিকল্পনা আঁটে বলে পরিবার অভিযোগ করেছে। গত ১৪ এপ্রিল দিবাগত রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে।


নিহতের ভাই জহির উদ্দিন জানান, ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং এর আগেও একাধিকবার নজরুলকে হত্যার চেষ্টা করা হয়েছিল। তিনি বলেন, "সব গুছিয়ে স্থায়ীভাবে দেশে ফেরার পরিকল্পনা ছিল ভাইয়ের। কিন্তু সেই সুযোগ আর হলো না।"


কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, ঘটনাটি বিদেশে সংঘটিত হওয়ায় থানার কাছে সরাসরি কোনো তথ্য নেই।


নিহতের বাবা মোতালেব হোসেন হত্যাকারীদের বিচারের দাবিতে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছেন বলে তিনি জানান। তিনি আরও বলেন, এ ধরনের বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ব্যবস্থা নেবে।


সূত্র: বাসস 


Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News