নেপাল ভ্রমণে বাংলাদেশিদের আমন্ত্রণ
নিজস্ব প্রতিবেদক
| Published: Thursday, October 29, 2026
- দূতাবাস
ঢাকায় নেপাল দূতাবাস ও নেপাল ট্যুরিজম বোর্ডের যৌথ উদ্যোগে বুধবার সন্ধ্যায় 'নেপাল ইজ কলিং: ভিজিট, এক্সপ্লোর, এক্সপেরিয়েন্স' শীর্ষক পর্যটন প্রচারণা অনুষ্ঠান হয়েছে। দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বলেন, নেপাল-বাংলাদেশ সম্পর্কের গুরুত্বপূর্ণ স্তম্ভ পর্যটন ও জনগণের মধ্যে যোগাযোগ। দুই দেশের ভৌগোলিক নৈকট্য ও সাংস্কৃতিক মিলের কথা তুলে ধরে তিনি বাংলাদেশি ভ্রমণপিপাসুদের নেপালে বেড়াতে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সচিব ডা. নুরুন নাহার চৌধুরী। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক গভীর করতে পর্যটনে সহযোগিতা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন গুরুত্বপূর্ণ। অংশগ্রহণকারী ট্রাভেল ও ট্যুর উদ্যোক্তাদের তিনি ব্যবসায়িক নেটওয়ার্ক বাড়ানো, অংশীদারত্ব জোরদার করা এবং যৌথ ট্যুর প্যাকেজ তৈরির আহ্বান জানান।
নেপাল ট্যুরিজম বোর্ডের সিনিয়র ম্যানেজার সন্তোষ কুমার ঘিমিরে নেপালের পর্যটন সম্ভাবনা নিয়ে উপস্থাপনা দেন। অবকাশযাপন, সংস্কৃতি, আধ্যাত্মিকতা, অ্যাডভেঞ্চার, সুস্থতা (ওয়েলনেস) এবং সভা, সম্মেলন ও ইভেন্টভিত্তিক ভ্রমণের (এমআইসিই) কথা তুলে ধরে তিনি নেপালকে সারা বছর ভ্রমণের উপযোগী, নিরাপদ ও আতিথেয়তাপূর্ণ গন্তব্য হিসেবে উল্লেখ করেন।
ডেপুটি চিফ অব মিশন প্রতীক কার্কী, টুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি মোহাম্মদ হানিফ এবং এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলালও অনুষ্ঠানে বক্তব্য দেন।
অনুষ্ঠানের শুরুতে নেপাল ও বাংলাদেশের ট্যুর ও ট্রাভেল এজেন্সিগুলোর মধ্যে বিটুবি (ব্যবসায়ী পর্যায়ের) বৈঠক হয়। সেখানে দুই পক্ষ প্যাকেজ, দলগত ভ্রমণ ও যৌথ প্রচারণার সুযোগ নিয়ে আলোচনা করে।
এর পর আনুষ্ঠানিক পর্বে দুই দেশের পর্যটন ও আতিথেয়তা খাতের ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সির প্রতিনিধি ও অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নেপালি সংস্কৃতির পরিবেশনা এবং র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। ড্র-এর পুরস্কারের মধ্যে ছিল হিমালয়া এয়ারলাইন্সের পৃষ্ঠপোষকতায় এয়ার টিকিট এবং নেপালের অংশগ্রহণকারী ট্যুর ও ট্রাভেল এজেন্সিগুলোর দেওয়া বিশেষ হলিডে প্যাকেজ।
নেপাল ট্যুরিজম বোর্ডের নেতৃত্বে নেপালের ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সির প্রতিনিধিরা ২৯ থেকে ৩১ অক্টোবর ঢাকায় অনুষ্ঠেয় ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারে (বিটিটিএফ) অংশ নিচ্ছে।