Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

নিউইয়র্কে মর্মান্তিক বিমান দুর্ঘটনা: নিহত পাইলট অঁতোয়ান ছিলেন ভ্রমনপ্রেমি

ডেস্ক রিপোর্ট | Published: Tuesday, March 24, 2026
নিউইয়র্কে মর্মান্তিক বিমান দুর্ঘটনা: নিহত পাইলট অঁতোয়ান ছিলেন ভ্রমনপ্রেমি

অঁতোয়ান ফরেস্ট। ছবি: সংগৃহীত

নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনায় কুইবেকের বাসিন্দা এক পাইলটসহ দুজন নিহত হয়েছেন। নিহত পাইলটের নাম অঁতোয়ান ফরেস্ট, যিনি কুইবেকের কোটো-দু-লাক এলাকার বাসিন্দা ছিলেন। 


কানাডিয়ান সংবাদ মাধ্যম ন্যাশনাল পোষ্ট জানিয়েছে ৩০ বছরের অঁতোয়ান ফরেস্ট ২০২২ সালের ডিসেম্বর থেকে জ্যাজ এভিয়েশনে কর্মরত ছিলেন। 


তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে দেখা যায়, তিনি ভ্রমণ ও অ্যাডভেঞ্চারপ্রেমী ছিলেন—হাইকিং, কায়াকিং, সেলিং ও ক্লাইম্বিংয়ে তার আগ্রহ ছিল। তিনি একজন প্রশিক্ষিত ‍বুশ পাইলটও ছিলেন। 


বুশ পাইলট হলেন এমন একজন পেশাদার বিমানচালক, যিনি দুর্গম, প্রত্যন্ত ও অনুন্নত অঞ্চলে ছোট আকারের বিমান পরিচালনা করেন। তারা প্রায়ই অপ্রস্তুত রানওয়ে বা তুষারের ওপর অবতরণ করেন।


গত রোববার রাতে এই দুর্ঘটনা ঘটে, যখন মন্ট্রিয়াল থেকে নিউইয়র্কগামী এয়ার কানাডা এক্সপ্রেসের একটি সিআরজে-৯৩০ বিমান অবতরণের সময় একটি ফায়ার ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিমানটি পরিচালনা করছিল এয়ার কানাডার সহযোগী প্রতিষ্ঠান জ্যাজ এভিয়েশন। 


অ্যালেক্সান্দ্র সিরসে, যিনি ফরেস্টের বন্ধু ও সাবেক সহকর্মী, দ্য মন্ট্রিয়াল গেজেট-কে বলেন যে উড়োজাহাজ চালনার পেশা ফরেস্টকে আকৃষ্ট করেছিল, কারণ তিনি এটিকে “সত্যিকারের শেষ দুঃসাহসিক পেশাগুলোর একটি” হিসেবে দেখতেন।


তিনি বলেন, “যন্ত্রপাতি এবং জিনিসপত্র কীভাবে কাজ করে সে বিষয়ে তার প্রবল আগ্রহ ছিল, তাই বিমানচালনা তার জন্য একেবারে উপযুক্ত ছিল।”


তিনি আরও বলেন, “এটি তার পরিবার ও প্রিয়জনদের জন্য বিশাল ক্ষতি, পাশাপাশি ভবিষ্যতে যারাই তার সঙ্গে পরিচিত হতে পারতেন তাদের জন্যও বড় ক্ষতি।”


প্রাপ্ত তথ্যমতে, অঁতোয়ান ফরেস্ট ছিলেন বিমানের ক্যাপ্টেন এবং ম্যাকেঞ্জি গান্থার ছিলেন ফার্স্ট অফিসার। এই দুর্ঘটনায় দুজনই প্রাণ হারান।বিমানটিতে মোট ৭২ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনার পর অন্তত ৪১ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। 


এদিকে, তার নিজ শহর কোটো-দু-লাকের মেয়র ও সিটি কাউন্সিল গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তারা ফরেস্টের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এই কঠিন সময়ে তারা যেন প্রয়োজনীয় শক্তি ও সান্ত্বনা পান।


ঘটনার পর যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।


Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News