নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে বিমান ও ফায়ার ট্রাকের সংঘর্ষ, নিহত ২
ডেস্ক রিপোর্ট
| Published: Tuesday, March 24, 2026
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির লাগার্ডিয়া বিমানবন্দরের রানওয়েতে একটি যাত্রীবাহী বিমান ও দমকল বাহিনীর ট্রাকের সংঘর্ষে পাইলট ও সহ-পাইলট নিহত হয়েছেন। রোববার গভীর রাতে এ দুর্ঘটনার পর বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে। খবর এএফপির।
কানাডার মন্ট্রিয়াল থেকে আসা এয়ার কানাডা এক্সপ্রেসের একটি বিমান রানওয়েতে থাকা ফায়ারফাইটিং ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। বিমানটির সামনের অংশ ও ককপিট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে।
মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় পাইলট ও সহ-পাইলট নিহত হন। এছাড়া ১১ জন যাত্রী ও দুইজন উদ্ধারকর্মীসহ মোট ১৩ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিমানটি পরিচালনা করছিল জ্যাজ এভিয়েশন যা এয়ার কানডার আঞ্চলিক অংশীদার। স্থানীয় সময় রোববার রাত প্রায় ১১টা ৪০ মিনিটে রানওয়ে ৪-এ এ ঘটনা ঘটে। সে সময় দমকলের গাড়িটি অন্য একটি ঘটনার দিকে যাচ্ছিল বলে নিউইয়র্ক পোর্ট অথরিটি জানিয়েছে।
জ্যাজ এভিয়েশনের প্রাথমিক যাত্রী তালিকা অনুযায়ী, বিমানে চারজন ক্রুসহ মোট ৭৬ জন আরোহী ছিলেন।
দুর্ঘটনার পর মার্কিন বিমান চলাচল কর্তৃপক্ষ বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করার নির্দেশ দেয় এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিমান চলাচল দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকতে পারে বলে জানায়।
পোর্ট অথরিটি জানিয়েছে, জরুরি সাড়া প্রদানের সব প্রটোকল তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।