প্রবাসীদের লক্ষ্য করে প্রতারণার চেষ্টা: লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের সতর্কবার্তা
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, April 15, 2026
যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের লক্ষ্য করে প্রতারণার চেষ্টার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, সম্প্রতি কিছু প্রতারক ব্যক্তি বাংলাদেশ সরকার বা বিদেশে অবস্থিত মিশনের কর্মকর্তা পরিচয়ে প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করছে এবং “প্রবাসী কার্ড”সহ বিভিন্ন সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, +44 7878 709995 এবং +44 7418 352834 নম্বর দুটি এ ধরনের প্রতারণার সঙ্গে সংশ্লিষ্ট বলে চিহ্নিত হয়েছে। বিষয়টি ইতোমধ্যে যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলেও জানানো হয়।
হাইকমিশন জানিয়েছে, বাংলাদেশ সরকার বা মিশনের যেকোনো উদ্যোগ, সেবা বা কর্মসূচি কেবলমাত্র অফিসিয়াল প্ল্যাটফর্ম—ওয়েবসাইট বা ফেসবুক পেজের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
প্রবাসীদের সন্দেহজনক যোগাযোগ এড়িয়ে চলা এবং কোনো আর্থিক লেনদেনের আগে যথাযথ যাচাই-বাছাই করার আহ্বান জানিয়ে হাইকমিশন সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেছে।