শাহজালাল বিমানবন্দরে কুয়ালালামপুরগামী যাত্রীর ব্যাগে ১২০ কেজি ঔষধ জব্দ
ডেস্ক রিপোর্ট
| Published: Monday, April 06, 2026
ছবি: সংগৃহীত
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ এক যাত্রীর লাগেজ থেকে বিপুল পরিমাণ ঔষধ উদ্ধার করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক)।
জানা যায়, মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ-১০৩ যোগে ঢাকা থেকে কুয়ালালামপুরগামী এক যাত্রী বিমানবন্দরের ৫ নম্বর হেভি লাগেজ গেইট দিয়ে প্রবেশের সময় নিরাপত্তা তল্লাশির আওতায় আসেন।
নির্ধারিত নিরাপত্তা প্রক্রিয়ার অংশ হিসেবে এভসেক সদস্যরা যাত্রীর বহনকৃত মোট চারটি লাগেজে তল্লাশি চালান। এ সময় লাগেজগুলোর ভেতর থেকে প্রায় ১২০ কেজি বিপুল পরিমাণ ঔষধ উদ্ধার ও আটক করা হয়।
পরবর্তীতে কাস্টমস কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী জব্দকৃত ঔষধসমূহ ‘ডিএম (ডেস্ট্রয়েড মার্চেন্ডাইজ)’ প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে।
বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সর্বদা সতর্ক ও প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।