সেন্টমার্টিনগামী জাহাজ চলাচলে নতুন সিদ্ধান্ত, আপাতত বন্ধ পর্যটকবাহী নৌযান
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, December 28, 2025
কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্য আটলান্টিক ক্রুজ’-এ সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনার পর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় জানানো হয়, পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও নৌযানের ফিটনেস শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত রোববার থেকে সেন্টমার্টিনের উদ্দেশে কোনো পর্যটকবাহী জাহাজ চলাচল করবে না।
জরুরি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এম এ মান্নান। সভা শেষে তিনি জানান, নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে শনিবার রাতের মধ্যেই বর্তমানে সচল থাকা সব পর্যটকবাহী জাহাজের ফিটনেস ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা নতুন করে যাচাই করা হবে। এ কাজে নৌপরিবহণ অধিদপ্তর, বিআইডাব্লিউটিএ এবং ফায়ার সার্ভিসকে নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক বলেন, অগ্নিনির্বাপণ ব্যবস্থার পূর্ণাঙ্গ যাচাই পরীক্ষায় উত্তীর্ণ নৌযানগুলোই কেবল রোববার থেকে সেন্টমার্টিন রুটে চলাচলের অনুমতি পাবে।
সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, ‘দ্য আটলান্টিক ক্রুজ’-এ অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ধারণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে করণীয় নিরূপণের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম)-এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
এ ছাড়া যেসব জাহাজের যাত্রা সাময়িকভাবে স্থগিত থাকবে, সেসব জাহাজের টিকিটধারী যাত্রীদের ভোগান্তি কমাতে জেলা প্রশাসনের উদ্যোগে অনুমোদিত অন্যান্য জাহাজে সমন্বয়ের মাধ্যমে যাতায়াতের ব্যবস্থা করা হবে বলে সভায় জানানো হয়।