স্পেনে অভিবাসী সাধারণ ক্ষমা কর্মসূচি অনুমোদন, বার্সেলোনায় বাংলাদেশি কমিউনিটির উচ্ছ্বাস
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, April 15, 2026
ছবি: সংগৃহীত
স্পেন সরকারের ব্যাপক অভিবাসী সাধারণ ক্ষমা (অ্যামনেস্টি) কর্মসূচি অনুমোদনের পর বার্সিলোনাতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক আনন্দ ও স্বস্তি বিরাজ করছে।
ঘোষণার পর বার্সেলোনায় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা বিপুল সংখ্যায় সমবেত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন, সমাবেশ ও উদযাপনের মধ্য দিয়ে তারা দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের আনন্দ ভাগাভাগি করেন, যা অভিবাসীদের মধ্যে নতুন আশাবাদ ও আত্মবিশ্বাস সৃষ্টি করেছে।
দীর্ঘদিন ধরে অনিয়মিত অবস্থানে থাকা হাজারো অভিবাসীর বৈধতার সুযোগ সৃষ্টি করায় এ উদ্যোগকে ঐতিহাসিক ও অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে স্পেনে আগত বহু অভিবাসী অনিয়মিত হয়ে পড়েন যার কারণে বহিষ্কারের ঝুঁকি ও মৌলিক সেবাবঞ্চনার মুখে পড়েন। নতুন এই কর্মসূচির আওতায় নির্দিষ্ট সময় ধরে বসবাসকারী ও নির্ধারিত শর্ত পূরণকারী অভিবাসীরা বৈধতা পাওয়ার সুযোগ পাবেন।
কমিউনিটির নেতারা বলেন, এই সাধারণ ক্ষমা কর্মসূচি অভিবাসীদের জন্য নিরাপত্তা, মর্যাদা এবং মূলধারার সমাজে সম্পৃক্ত হওয়ার সুযোগ নিশ্চিত করবে। বৈধতা পাওয়ার ফলে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও শ্রমবাজারে প্রবেশাধিকার বাড়বে, যা তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক মহলও এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছে। তবে বাস্তবায়ন প্রক্রিয়ায় কিছু চ্যালেঞ্জের আশঙ্কা থাকলেও কর্তৃপক্ষ প্রয়োজনীয় সহায়তা কাঠামো গড়ে তোলার আশ্বাস দিয়েছে। সামগ্রিকভাবে, এ উদ্যোগ স্পেনে অভিবাসী সম্প্রদায়ের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
সূত্র: মিলেনিয়াম টিভি 24/7