৬ মাসের মধ্যে এভিয়েশন, পর্যটন খাতে দৃশ্যমান পরিবর্তন চায় বিমান মন্ত্রণালয়
ডেস্ক রিপোর্ট
| Published: Tuesday, March 03, 2026
ছবি: সংগৃহীত
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নির্বাচন ইশতেহার ২০২৬–এর অঙ্গীকার বাস্তবায়ন করতে এভিয়েশন ও পর্যটন খাতে দৃশ্যমান পরিবর্তন আনতে উচ্চাভিলাষী ছয় মাসের সময়সীমা নির্ধারণ করেছে।
সোমবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দুপুরে মন্ত্রণালয়ের সভায় প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এ কঠোর সময়সীমার ঘোষণা দেন। তিনি বলেন, “আগামী ছয় মাসের মধ্যে বেসামরিক বিমান ও পর্যটন খাতে দৃশ্যমান পরিবর্তন আনতে আমাদের কাজ করতে হবে।” প্রতিশ্রুতি বাস্তবায়নে সাশ্রয়ী ব্যয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ইশতেহারের অঙ্গীকারগুলোকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি লক্ষ্যে ভাগ করে ফেলতে কর্মকর্তাদের নির্দেশ দেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি কর্মীদের উৎসাহ-উদ্দীপনা নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তা ও চেতনা বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করতে হবে।”
সভায় মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জাতীয় অঙ্গীকার বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।