Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বিপর্যয়: অপতথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিমানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট | Published: Tuesday, March 03, 2026
মধ্যপ্রাচ্যে ফ্লাইট বিপর্যয়: অপতথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিমানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে ফ্লাইট শিডিউল বিপর্যয়ের প্রেক্ষাপটে অপতথ্যের বিরুদ্ধে সাধারণ যাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। আজ দুপুর ২টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট শিডিউল ব্যবস্থাপনা ও যাত্রীসেবা নিশ্চিতে করণীয় বিষয় নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।


সভায় মন্ত্রী বলেন, এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সংশ্লিষ্ট সবাইকে অপতথ্যের বিষয়ে সতর্ক থাকতে হবে এবং যাত্রীদের যেন কোনো ধরনের হয়রানির শিকার না হতে হয়, সে বিষয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে। যেসব যাত্রীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা শেষ হওয়ার পথে, পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।


মন্ত্রী আরও বলেন, এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখে সঠিক ও হালনাগাদ তথ্য দিতে হবে। প্রয়োজনে ২৪ ঘণ্টা জরুরি যোগাযোগ নম্বর চালু রাখারও নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে অতিরিক্ত ভাড়া বা চার্জ আরোপ না করে মানবিক দৃষ্টিকোণ থেকে যাত্রীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।


সভায় জানানো হয়, যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েত-এর আকাশসীমা বন্ধ রয়েছে। এছাড়া সৌদি আরব-এর দাম্মামেও ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। অপতথ্যের কারণে যাত্রীরা বিভ্রান্ত ও ভোগান্তির শিকার হচ্ছেন বলেও সভায় উল্লেখ করা হয়।


পরিস্থিতি স্বাভাবিক হলে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার মাধ্যমে আটকে পড়া যাত্রীদের পরিবহনের উদ্যোগ নেওয়ার বিষয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়।


সভায় স্বাগত বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরীন জাহান, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ মন্ত্রণালয়, অধস্তন সংস্থা ও বেসরকারি এয়ারলাইন্সের প্রতিনিধিরা।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News