আটকে পড়া বাংলাদেশীদের ফেরাতে ঢাকা–দুবাই রুটে ইউএস-বাংলার দুই বিশেষ ফ্লাইট
সিনিয়র প্রতিবেদক
| Published: Wednesday, March 04, 2026
ছবি: ইউএস-বাংলা এয়ারলাইন্স
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত আটকে পড়া বাংলাদেশীদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা–দুবাই–ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে দেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।
প্রবাসী বাংলাদেশীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
আজ ৪ মার্চ (বুধবার) প্রথম বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।
এছাড়া আগামীকাল ৫ মার্চ (বৃহস্পতিবার) দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দর থেকে বিকাল ৫টা ১৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে। একই ফ্লাইটটি দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।
সহায়তার জন্য যাত্রীদের বাংলাদেশ বা সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ইউএস-বাংলার সেলস অফিস, অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করতে অথবা হটলাইন ১৩৬০৫ নম্বরে কল করতে এবং মোবাইল নম্বর +৮৮০ ১৭৭৭ ৭৭৭৮০০–৮০৬-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।