‘বার্থ ট্যুরিজম’সহ নিষিদ্ধ কর্মকাণ্ডে সতর্ক করল মার্কিন দূতাবাস
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, March 18, 2026
ছবি: কোলাজ
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস বি১/বি২ ভিজিটর ভিসার আওতায় অনুমোদিত নয় এমন কার্যক্রম সম্পর্কে সতর্কতামূলক বার্তা দিয়েছে এবং যুক্তরাষ্ট্রে অবস্থানকালে অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
দূতাবাসটি তাদের অফিসিয়াল ফেসবুকের এক পোস্টে জানায়, বি১/বি২ ভিসাধারীরা “বার্থ ট্যুরিজম”-এ অংশ নিতে পারবেন না—অর্থাৎ সন্তানের জন্য মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয়।
পোস্টে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক কোনো নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায়—এমন কোনো কাজ করা ভিসাধারীদের জন্য অনুমোদিত নয়।
এছাড়া ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনাও এই ভিসার আওতায় নিষিদ্ধ বলে দূতাবাসটি উল্লেখ করেছে।
পারিশ্রমিকের বিনিময়ে কাজ করা (Paid Performances) নিষিদ্ধ কার্যক্রমের মধ্যে পড়ে, বলে বার্তায় জানানো হয়।