ঢাবির টিএইচএম বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের নেতৃত্বে চন্দন, তারেক
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, February 28, 2026
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম) বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের ৫০ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির নির্বাচিত সভাপতি হলেন চন্দন দাস ও সাধারণ সম্পাদক এস এম তারেক সুলতান।
রমজান উপলক্ষে এই বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার আয়োজনের মধ্যে দিয়েই অ্যালামনাই এসোসিয়েশনের আনুষ্ঠনিক যাত্রা শুরু হয়।
এই কমিটিতে বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরাও রয়েছেন।
চন্দন দাস বর্তমানে বাংলাদেশ ব্যাংকে উপপরিচালক হিসেবে কর্মরত আছেন। আর এস এম তারেক সুলতান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবে গোপালগঞ্জ জেলায় কর্মরত আছেন। শিক্ষাজীবনে এই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নির্বাহী সদস্যগণ বিভিন্ন সামাজকল্যানমূলক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে থেকে সম্পৃক্ত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারপার্সনসহ সিনিয়র শিক্ষকবৃন্দ, অ্যালামনাই সদস্যগণ এবং বিভিন্ন বর্তমান ব্যাচের প্রতিনিধিগণ।
জানা গেছে, বিভাগের সাধারণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এই অ্যালামনাই এসোসিয়েশন। এই প্ল্যাটফর্ম বিভাগের শিক্ষার্থীদের ক্যারিয়ার প্লানিং ও কাউন্সিলিং, মেন্টরিং প্রোগ্রাম, সামাজিক কার্যক্রম, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এবং বৃহত্তর পরিসরে বিভাগের ব্র্যান্ড এম্বাসাডর হিসেবে দায়িত্ব পালন করবে।