এখন উবারেই ভাড়ায় মিলবে হেলিকপ্টার
ডেস্ক রিপোর্ট
| Published: Friday, February 27, 2026
ছবি: সংগৃহীত
জবি এভিয়েশনের অংশীদারিত্বে উবার অ্যাপে হেলিকপ্টার বুকিং সুবিধা ‘এয়ার ট্যাক্সি’ চালু করেছে। এর ফলে যাত্রীরা চলতি বছরের শেষ দিকে শহরের ভেতরে চলাচলের জন্য সম্পূর্ণ বৈদ্যুতিক উড়োজাহাজ আগাম বুক করতে পারবেন।
যাত্রীরা সাধারণ উবার অ্যাপ ব্যবহার করেই এক ক্লিকেই বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি বুক করতে পারবেন। আলাদাভাবে না করে সড়ক থেকে আকাশপথ হয়ে আবারও সড়কপথে যাত্রার বুকিং করা যাবে একসাথেই।
এই এয়ার ট্যাক্সিতে একজন অনুমোদিত বাণিজ্যিক পাইলটসহ সর্বোচ্চ চারজন যাত্রী ভ্রমণ করতে পারবেন। এতে রইয়েছে ছয়টি টিল্টিং প্রপেলার্স রয়েছে। এগুলো ঘোরার পাশাপাশি নিজেদের দিকও পরিবর্তন করতে পারে।
শুরুতে যখন এই হেলিকপ্টার মাটি থেকে উপড়ে ওঠে তখন হেলিকপ্টারের মতো সোজা উপরে ওঠার জন্য প্রপেলারগুলো উপরে দিকে মুখ করে থাকে। তারপর যখন সামনে এগিয়ে উড়তে শুরু করে তখন প্রপেলারগুলো প্লেনের মতো সামনে এগিয়ে যাওয়ার জন্য সামনের দিকে কাত হয়ে যায়। একবার চার্জ দিলেই এই হেলিকপ্টার ২০০ মাইল প্রতি ঘণ্টা গতিতে প্রায় ১০০ মাইল পর্যন্ত উড়তে পারবে।
শহুরে পরিবেশের জন্য উপযোগী করে হেলিকপ্টারে একাধিক নিরাপত্তা ব্যাকআপ ব্যবস্থার পাশাপাশি কম শব্দমাত্রা মাথায় রেখে নকশা করা হয়েছে। এর শব্দ শহরের স্বাভাবিক পরিবেশগত শব্দের সঙ্গে মিশে যায়। ফলে শহরে সহজেই আকাশযাত্রা পরিচালনা করা যাবে।
যুক্তরাষ্ট্রে যাত্রী নিয়ে এয়ার ট্যাক্সি চালু করার আগে ঐদেশের সরকারি বিমান নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) অনুমতি লাগবে। এই অনুমতি পাওয়ার জন্য শুধু আকাশযান বানালেই হয় না। প্রমাণ করতে হয় যে এটি নিরাপদ, এটি নিয়ম মেনে উড়তে পারে, এতে যাত্রী বহন করা ঝুঁকিপূর্ণ নয়। এজন্য অনেক ধাপের পরীক্ষা দিতে হয়। জবি এভিয়েশন ইতিমধ্যেই তাদের বহরে থাকা এয়ার ট্যাক্সিগুলো ৫০,০০০ মাইলেরও বেশি পরীক্ষামূলকভাবে উড়িয়েছে। এখন তারা শেষ ধাপের সরকারি অনুমোদন পাওয়ার প্রক্রিয়ায় আছে।
২০২১ সালে জবি এভিয়েশন উবারের বিশেষ বিভাগ ‘উবার এলিভেট’ কিনে নেয়। এয়ার ট্যাক্সির মতো ভবিষ্যত শহরে আকাশপথে চলাচল ব্যবস্থা নিয়ে কাজ করত উবারের ঐ বিভাগ। এরপর থেকেই কোন শহরে এয়ার ট্যাক্সি সেবা শুরু করা উচিত সে সম্পর্কে গবেষণা, যাত্রী চাহিদা বোঝার মডেল বানানো এবং গাড়ি ও আকাশযান একসাথে ভাড়া দেওয়ার ব্যবস্থা নিয়ে আরও জোরালোভাবে কাজ করা হয়।
গত বছর জবি এভিয়েশন যখন মার্কিন এভিয়েশন ব্লেড-এর যাত্রী পরিবহন ব্যবসা কিনে নেয়, তখনই তারা ঘোষণা দেয় যে ২০২৬ সালের মধ্যে ঐ কোম্পানির বাণিজ্যিক হেলিকপ্টার সার্ভিসও উবার অ্যাপে যুক্ত করা হবে। এতে করে উবার অ্যাপ ব্যবহার করে মানুষ হেলিকপ্টারে শহরের ভেতরে বা এয়ারপোর্টে যাতায়াত করতে পারবে। এই হেলিকপ্টার নেটওয়ার্ক বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি চালুর জন্য ‘রেডি-মেইড অবকাঠামো’ হিসেবে কাজ করবে।
এয়ার ট্যাক্সি চালু হওয়ার আগেই হেলিপ্যাড, রুট, যাত্রী ব্যবস্থাপনা সিস্টেম ও অ্যাপ ইন্টিগ্রেশন থাকবে। ফলে বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি চালু করা অনেক সহজ হবে।
কীভাবে এই সেবা পাওয়া যাবে?
আপনি সাধারণত যেভাবে উবার অ্যাপ ব্যবহার করেন ঠিক তেমনই করবেন। নিচে সঠিক ধাপগুলো দেখানো হলো:
১. উবার অ্যাপ খুলবেন
২. যেখানে যেতে চান, সেটা ‘Where to?’ বক্সে লিখবেন
তারপর উবার নিজেই দূরত্ব, রুট এবং সময় হিসেব করে দেখাবে যে এয়ার ট্যাক্সিতে চড়ে আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়া সম্ভব কি-না। যদি সম্ভব হয় তাহলে শুধু গাড়ির অপশন (যেমন: UberX, Uber Black ইত্যাদি) না দেখিয়ে নতুন একটি অপশন ‘Uber Air powered by Joby Aviation’ দেখাবে। অর্থাৎ, আপনি চাইলে গাড়ির বদলে এয়ার ট্যাক্সি বেছে নিতে পারবেন।
২০২৬ সালের মধ্যে দুবাইতে প্রথম যাত্রীদের জন্য এয়ার ট্যাক্সি সেবা চালু করতে পারবে বলে আশা করছে জবি এভিয়েশন। ২০১৯ সালে শুরু হওয়া উবারের সাথে অংশীদারিত্বের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক হতে যাচ্ছে এই উদ্যেগ। এরপর জবি এভিয়েশন নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর এই সেবাটি নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাজ্য এবং জাপানেও সম্প্রসারণ করার পরিকল্পনা করছে।
সূত্র: উবার