কাতারে অবস্থানরত বিদেশিদের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো
ডেস্ক রিপোর্ট
| Published: Tuesday, March 03, 2026
কাতার সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যেসব এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে রয়েছে, সেগুলোর মেয়াদ এক মাস বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে। পরিস্থিতির ওপর নির্ভর করে ভবিষ্যতে মেয়াদ আরও বাড়ানোর সম্ভাবনাও রয়েছে।
দোহা এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ভিসার মেয়াদ বৃদ্ধি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে সম্পন্ন হবে। এ জন্য কোনো ফি পরিশোধ করতে হবে না এবং ভিসাধারীদের সংশ্লিষ্ট দপ্তরে উপস্থিত হওয়া বা আলাদা আবেদন জমা দেওয়ার প্রয়োজন নেই।
তবে ২৮ ফেব্রুয়ারি ২০২৬-এর আগে যেসব ভিসাধারীর বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ বা জরিমানা রয়েছে, তাদের প্রথমে নির্ধারিত সময়ের জন্য প্রযোজ্য জরিমানা পরিশোধ করতে হবে। জরিমানা পরিশোধের পর নির্ধারিত তারিখ থেকে ভিসার মেয়াদ বৃদ্ধি ও ফি মওকুফের সুবিধা কার্যকর হবে।
এই সিদ্ধান্ত সব ধরনের এন্ট্রি ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। পরিবর্তিত পরিস্থিতির মধ্যে বাসিন্দা ও ভিজিটরদের আইনগত অবস্থান স্থিতিশীল রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখবে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।