মালদিভিয়ান এয়ারলাইন্সের ঢাকা অফিসের উদ্বোধন, ফ্লাইট শুরু ১২ মার্চ
ডেস্ক রিপোর্ট
| Published: Monday, February 23, 2026
ছবি: ওহিদুজ্জামান টিটু
ঢাকায় সিটি অফিস উদ্বোধন করেছে মালদ্বীপের জাতীয় এয়ারলাইন মালদিভিয়ান। ১২ মার্চ পুনরায় ঢাকা-মালে সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা দেওয়া হয়।
গুলশান অ্যাভিনিউর তাজ ম্যারিয়ট ভবনে মালদিভিয়ান এয়ারলাইন্সের সিটি অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদিভিয়ানের ব্যবস্থাপনা পরিচালক এম. ইব্রাহিম ইয়াস।
উদ্বোধনী অনুষ্ঠানে ইব্রাহিম ইয়াস বলেন, এই রুট পুনরায় চালু করা মালদ্বীপে বসবাসরত বৃহৎ বাংলাদেশি প্রবাসী সম্প্রদায়কে সেবা দেওয়ার অঙ্গীকারেরই প্রতিফলন এবং এটি দ্বিপাক্ষিক সংযোগ আরও শক্তিশালী করবে।
তিনি বলেন, “ঢাকা মালদিভিয়ানের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। এই রুট পুনরায় চালু করা আমাদের প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ, যাতে বাংলাদেশি কর্মী ও মালদ্বীপের ভ্রমণকারীরা নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও সুবিধাজনক ভ্রমণ সুবিধা পান। আমরা বিশ্বাস করি, এই সেবা দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ককে আরও গভীর করবে।”
এ সময় উপস্থিত ছিলেন গ্রাউন্ড অপারেশন পরিচালক আহমেদ ইব্রাহিম, জেনারেল ম্যানেজার (ইন্টারন্যাশনাল কমার্শিয়াল) মোহামেদ সাফাহ এবং বাংলাদেশের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) গ্যালাক্সি বাংলাদেশ গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ ইউসুফ ওয়ালিদ।
সপ্তাহে দুই দিন, রবিবার ও বৃহস্পতিবার, ফ্লাইট পরিচালিত হবে। রাউন্ড ট্রিপের ভাড়া নির্ধারিত হয়েছে ৩৯৯ মার্কিন ডলার (প্রায় ৪৭ হাজার ৮৮০ টাকা)। ভোরে ফ্লাইট ঢাকায় পৌঁছাবে। ফলে যাত্রীরা সহজেই অন্যান্য আন্তর্জাতিক গন্তব্যে ট্রানজিট ফ্লাইটের সুবিধা পাবেন।
মালদিভিয়ানের প্রতিনিধি দল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেন। আজ সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে মালদিভিয়ান এয়ারলাইন্স ও গ্যালাক্সি এভিয়েশন সার্ভিসেস লিমিটেডের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেওয়া হয়।
রমজান ও ঈদুল ফিতরের ছুটি শেষে এই ফ্লাইট চালু হওয়ায় যাত্রীদের জন্য ভ্রমণ আরও সহজ হবে। যাত্রীরা সর্বোচ্চ ৩০ কেজি ব্যাগেজ সাথে বহন করতে পারবেন। ফ্লাইটে সৌজন্যমূলক খাবারও পরিবেশন করা হবে। মালদিভিয়ানের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং ১৬৭১ নম্বরে কল করে ফ্লাইট বুকিং করা যাবে।
এছাড়া মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য আগামী শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ‘ঢাকা, উই হার্ড ইউ’ শীর্ষক একটি মিউজিক ফেস্টিভ্যাল আয়োজনের ঘোষণা দেয় ঐ এয়ারলাইন।
বর্তমানে মালদিভিয়ানের বহরে রয়েছে মোট ২৬টি উড়োজাহাজ। এগুলোর মধ্যে বিভিন্ন আঞ্চলিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে একটি এয়ারবাস এ৩৩০, একটি এয়ারবাস এ৩২০, পাঁচটি এটিআর, আটটি ড্যাশ-৮ এবং এগারোটি ড্যাশ-৬ টুইন ওটার মডেলের আকাশযান।