মধ্যপ্রাচ্যগামী একাধিক ফ্লাইট বাতিল করলো শ্রীলঙ্কান এয়ারলাইন্স
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, March 01, 2026
ফাইল ছবি
মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ থাকায় আজ শ্রীলঙ্কান এয়ারলাইন্স মধ্যপ্রাচ্য-বাংলাদেশের একাধিক ফ্লাইট বাতিল করেছে।
কলম্বো থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে ঐ দেশের জাতীয় এয়ারলাইন এই বিষয়টি নিশ্চিত করে।
দুবাই, দোহা, দাম্মাম, রিয়াদ এবং কুয়েত রুটের মোট ১২টি ফ্লাইট বাতিল হয়। বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে রয়েছে কোলম্বো-দুবাই রুটের দুইটি ফ্লাইট ‘ইউএল২৩১’ ও ‘ইউএল২২৫’। এছাড়াও দুইটি রিটার্ন ফ্লাইট ‘ইউএল২৩২’ ও ‘ইউএল২২৬’ রয়েছে। ‘ইউএল২১৭’ (দোহা) ও ‘ইউএল২১৮’ রিটার্ন ফ্লাইটেও যাত্রীরাও যাত্রা করতে পারবেন না।
ফ্লাইট বাতিলের প্রভাব পড়েছে সৌদি আরবেরও। ফ্লাইট ‘ইউএল২৫৩’ (দাম্মাম) ও ‘ইউএল২৬৫’ (রিয়াদ) বাতিল করা হয়েছে। পাশাপাশি, সৌদি আরব থেকে আসা সেই রুটের রিটার্ন বা ইনকামিং ফ্লাইটগুলোও বাতিল করা হয়েছে। এছাড়া কুয়েত রুটের দুইটি ফ্লাইট ‘ইউএল২২৯’ (কলম্বো) ও ‘ইউএল২৩০’ (কুয়েত সিটি) বাতিল করা হয়েছে।
এয়ারলাইনের পক্ষ থেকে বলা হয়, “যাত্রীদের নিরাপত্তা ও কল্যাণের স্বার্থে এই ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। আমরা যাত্রীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞ।”
প্রতিষ্ঠানের পক্ষ থেকে গুরুত্ব দিয়ে বলা হয়, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল আকাশসীমার প্রেক্ষাপটে যাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রভাবিত যাত্রীদের এয়ারলাইনের হেল্পলাইনে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার অভ্যন্তরে ১৯৭৯ নম্বরে ফোন করা যাবে, বিদেশ থেকে +৯৪১১৭৭৭১৯৭৯ নম্বরে যোগাযোগ করা যাবে। +৯৪৭৪৪৪৪১৯৭৯ নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করা যাবে।
এছাড়া যাত্রীদের তাদের ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করতে এবং বিকল্প ব্যবস্থা সম্পর্কে ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি অনুযায়ী এয়ারলাইনের অফিসিয়াল ওয়েবসাইটে আরও হালনাগাদ তথ্য প্রকাশ করা হবে।