নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে উৎসাহ নিয়ে কাজের আহ্বান বিমানমন্ত্রীর
ডেস্ক রিপোর্ট
| Published: Tuesday, March 03, 2026
ছবি: সংগৃহীত
নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন সংক্রান্ত এক সভা আজ দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বিমানমন্ত্রীর আফরোজা খানম এমপি। তিনি উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, উৎসাহ ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে, যাতে মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তা-চেতনার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা যায়। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা নির্ধারণের নির্দেশনা দেন।
সভায় বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে দৃশ্যমান পরিবর্তন আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি প্রতিশ্রুতি বাস্তবায়নে অর্থ ব্যবস্থাপনায় মিতব্যয়ী হওয়ার ওপর জোর দেন।
সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরীন জাহান, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ মন্ত্রণালয় ও অধস্তন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় প্রতিশ্রুতি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে বিমান ও পর্যটন খাতকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।