প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকার মাসিক পরিচ্ছন্নতা কার্যক্রম চালু
ডেস্ক রিপোর্ট
| Published: Thursday, April 16, 2026
ছবি: কোলাজ
রাজধানীর পাঁচতারা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা বৃহস্পতিবার একটি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালু করেছে। হোটেল কর্তৃপক্ষ, কর্মীবৃন্দ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিশেষ মশক নিধন দলের সম্মিলিত অংশগ্রহণে পরিচালিত হয় এই কর্মসূচি।
"ক্লিন অ্যাজ ইউ গো" শিরোনামের এই কার্যক্রমটি সকাল ৯টায় হোটেলের লোডিং ডক এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন হোটেলের জেনারেল ম্যানেজার এবং নির্বাহী কমিটির সদস্যবৃন্দ। হোটেলের হাউসকিপিং বিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি প্রতি মাসে নিয়মিতভাবে পরিচালিত হবে।
হোটেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, শুধু হোটেলের অভ্যন্তরীণ পরিবেশ নয়, আশপাশের এলাকাও পরিষ্কার রাখার দৃঢ় অঙ্গীকার থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
"টুগেদার উই ক্যান চেঞ্জ" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে হোটেল কর্তৃপক্ষ শুধু প্রাতিষ্ঠানিক উদ্যোগ নয়, সকলের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে একটি পরিষ্কার ও সুন্দর পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মশক নিধন বিশেষ দল এই অভিযানে অংশ নেয়, যা সরকারি-বেসরকারি সহযোগিতার একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। হোটেল কর্তৃপক্ষ জানায়, ব্যাপক সচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণাও পরিচালিত হচ্ছে।
রাজধানীর অন্যতম প্রাণকেন্দ্র কারওয়ান বাজার এলাকায় অবস্থিত প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা দেশের অন্যতম শীর্ষস্থানীয় পাঁচতারা হোটেল।