ডোমিনিকান রিপাবলিকে হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ১, সরিয়ে নেওয়া হলো ১,৭০০ পর্যটককে
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, June 20, 2026
সূত্র: রয়টার্স
ক্যারিবীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র ডোমিনিকান রিপাবলিকের জনপ্রিয় সমুদ্রসৈকত পর্যটনকেন্দ্র বায়াহিবের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নারী নিহত হয়েছেন এবং প্রায় ১ হাজার ৭০০ পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে।
সেদেশের জরুরি সেবা সংস্থা ডিএইএইচ (DAEH) এক বিবৃতিতে জানায়, নিহত নারী হলেন ৪৬ বছর বয়সী ইতালীয় নাগরিক ফ্রান্সেসকা ভ্যালেন্তিনো। তিনি ভিভা উইন্ডহ্যাম ডমিনিকাস বিচ হোটেলে আগুনের ঘটনায় প্রাণ হারান।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ক্যারিবীয় উপকূলের আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে এবং হোটেলটির খড়ের ছাউনি দেওয়া ছাদে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।
দেশটির জরুরি কার্যক্রম কেন্দ্র জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছাদের কিছু অংশে ব্যবহৃত দাহ্য পামগাছের উপাদান এবং প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
বিশ্বজুড়ে প্রায় ৮ হাজার ৪০০ হোটেল ফ্র্যাঞ্চাইজি পরিচালনাকারী উইন্ডহ্যাম হোটেলস অ্যান্ড রিসোর্টস এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
কর্তৃপক্ষ জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কী কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনও তদন্ত করা হচ্ছে।
হোটেলের অতিথিদের কাছাকাছি অন্য হোটেলে স্থানান্তর করা হয়েছে। একই চেইনের আরেকটি হোটেল, ভিভা উইন্ডহ্যাম ডমিনিকাস প্যালেস, এ ঘটনায় কোনো ক্ষতির সম্মুখীন হয়নি।
সিওই জানিয়েছে, বায়াহিবে এবং আশপাশের এলাকায় পর্যটন কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং নিরাপদভাবেই পরিচালিত হচ্ছে।
স্বচ্ছ নীল জলরাশি ও সাদা বালুর সৈকতের জন্য পরিচিত ডোমিনিকান রিপাবলিক ক্যারিবীয় অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্য। চলতি বছরের প্রথম পাঁচ মাসেই দেশটিতে প্রায় ৫৬ লাখ পর্যটক ভ্রমণ করেছেন এবং প্রতি বছর লাখ লাখ পর্যটক এখানে ভ্রমণ করেন, বিশেষ করে ক্যারিবীয় সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে।
সূত্র: রয়টার্স