১৪ বছর পর ঢাকা–করাচি রুটে নিয়মিত ফ্লাইট শুরু আগামীকাল
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, January 28, 2026
ছবি: এভিয়েশন এক্সপ্রেস
দীর্ঘ ১৪ বছরের বিরতির অবসান ঘটিয়ে ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে এই নন-স্টপ ফ্লাইট পরিচালনা শুরু হবে।
প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন—বৃহস্পতিবার ও শনিবার—এই রুটে ফ্লাইট পরিচালিত হবে। ট্রানজিট ছাড়াই সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রীদের যাত্রা সময় উল্লেখযোগ্যভাবে কমবে এবং ভাড়া সাশ্রয় হবে সর্বনিম্ন ৩০ হাজার টাকা পর্যন্ত।
এর আগে যাত্রীদের মধ্যপ্রাচ্যের বিভিন্ন হাব ব্যবহার করে করাচি যেতে হতো, ফলে সময় ও ব্যয় দুটোই বেড়ে যেত। নতুন ব্যবস্থায় ঢাকা থেকে করাচি পর্যন্ত ১ হাজার ৪৭১ মাইল দূরত্ব পাড়ি দিতে ব্যবহার করা হবে ১৬২ আসনের বোয়িং ৭৩৭ উড়োজাহাজ। পুরো যাত্রা সম্পন্ন হতে সময় লাগবে প্রায় তিন ঘণ্টা।
বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, উদ্বোধনী ফ্লাইটের সব টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। পাশাপাশি দ্বিতীয় ফ্লাইটেরও ৮০ শতাংশের বেশি আসন ইতোমধ্যে বুকিং হয়েছে। তাঁর ভাষায়, সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রা হবে দ্রুত, আরামদায়ক ও ট্রানজিট ঝামেলামুক্ত।
দীর্ঘদিন পর পাকিস্তানে সরাসরি বিমান চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মধ্যেও দেখা গেছে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস। তাদের মতে, এই উদ্যোগ দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়াবে এবং ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতে নতুন সুযোগ তৈরি করবে।
ঢাকা–করাচি রুট চালু হওয়ায় যাত্রী পরিবহনের পাশাপাশি কার্গো পরিবহনেরও বড় সম্ভাবনা সৃষ্টি হবে। একই সঙ্গে এটি দুই দেশের সামাজিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে সহায়ক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে ২০১২ সালে ঢাকা–করাচি রুটে ফ্লাইট বন্ধ করা হয়েছিল। নতুন করে সরাসরি ফ্লাইট চালু হওয়ায় রাউন্ড ট্রিপে যাত্রীরা সর্বনিম্ন ৫১ হাজার টাকায় যাতায়াত করতে পারবেন, যা আগের তুলনায় ৩০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত কম।