হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন মন্ত্রী আফরোজা খানম
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, March 21, 2026
ছবি- বেবিচক
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা) শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক।
পরিদর্শনকালে মন্ত্রী বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং যাত্রীসেবা আরও উন্নত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বেবিচক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মন্ত্রী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন এবং কর্মরত সকলকে ঈদের শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি বিমানবন্দরে উপস্থিত যাত্রীদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের যাত্রা নির্বিঘ্ন ও আনন্দময় হওয়ার কামনা ব্যক্ত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বেবিচক সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্বুব খান, সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান; সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মোঃ আসিফ ইকবাল সহ সংস্থার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
পরিদর্শন শেষে মন্ত্রী বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা ও সেবার মানে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।