১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ড্রোন উড়ানো নিষিদ্ধ
ডেস্ক রিপোর্ট
| Published: Tuesday, February 10, 2026
ফাইল ছবি
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ড্রোন উড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে। এ নিষেধাজ্ঞা আজ থেকেই কার্যকর।
বেবিচকের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মুহাম্মদ কাউসার মাহমুদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। সাধারণ জনগণ ও বেসরকারি সব প্রতিষ্ঠানের জন্য এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে বলে জানানো হয়।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রতিরক্ষা বাহিনী এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে না। গবেষণা, জরিপ, কৃষি কার্যক্রম ও মনিটরিং কাজে নিয়োজিত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট সংস্থার ছাড়পত্র সাপেক্ষে বেবিচকের কাছে ড্রোন উড়ানোর বিশেষ অনুমতির চেয়ে আবেদন করতে পারবে।
সরকার আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের সম্প্রচারের প্রয়োজনে ড্রোন ব্যবহারের বিষয়টিও আবেদন সাপেক্ষে আলাদাভাবে বিবেচনা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নিষেধাজ্ঞা অমান্য করা বেসামরিক বিমান চলাচল আইন ২০১৭ এর ২৪ ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। অনুমতি ছাড়া ড্রোন উড়ালে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে বেবিচক।
বিজ্ঞপ্তিতে সাময়িক নিষেধাজ্ঞার কারণ স্পষ্ট করা না হলেও সাধারণত নিরাপত্তা জোরদার বা বিশেষ জাতীয় পরিস্থিতিতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বেবিচক ড্রোন অপারেটরদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে বলে, জরুরি প্রয়োজনে ড্রোন ব্যবহার করতে হলে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে আগাম অনুমতি নিতে হবে। সংশ্লিষ্ট সব সংস্থার ছাড়পত্র ছাড়া কোনো আবেদনের অনুমোদন দেওয়া হবে না।
হোক বিনোদন, বাণিজ্য কিংবা শখ। সব ধরনের ড্রোন উড়ানোভিত্তিক কার্যক্রমের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুমোদন ছাড়া কোনো ড্রোন উড়ানো যাবে না।