২ হাজার ৭৭৫ হজযাত্রীর আবাসন নিশ্চিতে ব্যর্থ ১০ লিড এজেন্সি
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, February 01, 2026
Collage: Aviation Express
মক্কা ও মদিনায় ২
হাজার ৭৭৫ জন হজযাত্রীর আবাসনের ব্যবস্থা করতে ব্যর্থ হওয়ায় ১০টি লিড এজেন্সিকে
জরুরি সময়সীমা বেঁধে দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
রবিবার (১
ফেব্রুয়ারি) বিকেল ৫টার মধ্যে আবাসন কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের কাছে
পাঠানো এক চিঠিতে মন্ত্রণালয় জানায়, আবাসন জটিলতার কারণে কোনো হজযাত্রী হজ পালন
করতে না পারলে সংশ্লিষ্ট এজেন্সি এবং তাদের লিড এজেন্সিকেই এর সম্পূর্ণ দায় নিতে
হবে।
ধর্ম মন্ত্রণালয়ের
তথ্যমতে, মোট ৩০টি লিড এজেন্সির মধ্যে ৩১ জানুয়ারি পর্যন্ত মাত্র ২০টি লিড এজেন্সি
মক্কা ও মদিনায় শতভাগ আবাসন নিশ্চিত করতে পেরেছে। বাকি ১০টি লিড এজেন্সির অধীনে
থাকা ২ হাজার ৭৭৫ জন হজযাত্রীর আবাসন এখনো নিশ্চিত করেনি।
সৌদি আরবের
নির্ধারিত ‘নুসুক’ ব্যবস্থা অনুযায়ী, হজযাত্রীদের আবাসন সংক্রান্ত সব কার্যক্রম ১
ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে শেষ করার কথা। নির্ধারিত এই সময়সীমার পাঁচ
ঘণ্টা আগেই বাংলাদেশি এজেন্সিগুলোকে আবাসন নিশ্চিত করার নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক
মন্ত্রণালয়।