৬০ হাজার চালককে প্রশিক্ষণে ২৩১ কোটি টাকার কর্মসূচি অনুমোদন
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, January 14, 2026
ফাইল ছবি
কর্মসংস্থান বাড়ানো ও প্রবাসী আয় জোরদার করতে সরকার ৬০ হাজার চালককে প্রশিক্ষণ দেওয়ার জন্য ২৩১ কোটি টাকার একটি কর্মসূচি অনুমোদন দিয়েছে। মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এই প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করবে রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। সড়ক ও মহাসড়ক বিভাগের তত্ত্বাবধানে ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তা’ প্রকল্পের আওতায় এটি পরিচালিত হবে। প্রকল্পটির মেয়াদ ২০২৩ সালের মে থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত। এতে জাতীয় কোষাগার ও বিশ্বব্যাংকের ঋণ থেকে অর্থায়ন করা হচ্ছে।
কর্মসূচির আওতায় মোট ৬০ হাজার প্রশিক্ষণার্থীর মধ্যে ৪০ হাজার হবেন নতুন চালক। তাঁদের চার মাসে মোট ৮০ দিনের নিবিড় প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি বর্তমানে কর্মরত ২০ হাজার চালককে পাঁচ দিনের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ দেওয়া হবে। বাস্তবায়নে সহায়তা করবে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)। নতুন প্রশিক্ষণার্থীদের সবার চোখ পরীক্ষা করা হবে এবং প্রয়োজন অনুযায়ী ২০ হাজার চালককে চশমা দেওয়া হবে।
অর্থ উপদেষ্টা জানান, এই প্রশিক্ষণে বিশেষভাবে ক্রেন, এক্সক্যাভেটরের মতো ভারী যন্ত্রপাতি চালানোর দক্ষতা শেখানো হবে, যা আন্তর্জাতিক শ্রমবাজারে বেশি চাহিদাসম্পন্ন। সাধারণ গাড়িচালকদের বিদেশে কাজের সুযোগ সীমিত হলেও দক্ষ যন্ত্রচালকেরা বিদেশে তুলনামূলক বেশি বেতনের চাকরি পান বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, এই উদ্যোগের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এটি একটি দীর্ঘমেয়াদি কর্মসংস্থান কৌশলের অংশ। কর্মসূচির মাধ্যমে বেকারত্ব কমার পাশাপাশি দেশের সড়ক নিরাপত্তা ও পেশাদার চালকদের মান উন্নত হবে। প্রশিক্ষণ, সনদ ও লাইসেন্স প্রদান নির্ধারিত আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে করা হবে, যা বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা বাড়াবে।