সালামএয়ারের ৯ বছর পূর্তি উদযাপন, দেশে কার্যক্রম বাড়ানোর ঘোষণা
ডেস্ক রিপোর্ট
| Published: Thursday, February 05, 2026
ছবি: ওহিদুজ্জামান টিটু
ওমানের স্বল্প খরচের এয়ারলাইন্স সালামএয়ার তাদের যাত্রার ৯ বছর পূর্তি উপলক্ষে ট্রাভেল ট্রেড এনগেজমেন্ট অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে এয়ারলাইন্স চলতি বছরে নতুন তিনটি উড়োজাহাজ যুক্ত করা এবং একাধিক নতুন রুট চালু করার কথাও জানায়।
বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে এ অনুষ্ঠান আয়োজন করে এদেশে নিযুক্ত সালামএয়ারের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) এয়ারোউইং এভিয়েশন লিমিটেড।
সালামএয়ার জানায়, গত বছর ৪৪টি গন্তব্যে ৩৪ লাখেরও বেশি যাত্রী নিয়ে ২২ হাজারের বেশি ফ্লাইট পরিচালনা করে এ এয়ারলাইন্স।
অনুষ্ঠানে ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জামিল হাজি ইসমাইল আল বালুশি উপস্থিত ছিলেন।
সালামএয়ার কর্তৃপক্ষ জানায়, পরিচালন সক্ষমতা বাড়াতে চলতি বছরের মাঝামাঝি সময়ে তিনটি নতুন উড়োজাহাজ বহরে যুক্ত করা হবে। জানুয়ারিতে পোর্ট সুদান রুটে ফ্লাইট চালু করে এই এয়ারলাইন্স।
এছাড়া মে মাসে দামেস্ক, জুনে ভিয়েনা এবং জুলাইয়ে মেদান রুটে ফ্লাইট চালুর ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে সালামএয়ার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ আরিফুল ইসলাম রাজন বলেন, বাংলাদেশের বাজার সালামএয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে এয়ারলাইন্সটি এ৩২১ নিও উড়োজাহাজ দিয়ে ঢাকা ও চট্টগ্রামে সপ্তাহে ২০টি ফ্লাইট পরিচালনা করছে। এই ফ্লাইটগুলো মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে যাত্রীদের যাতায়ত সুবিধা দিচ্ছে।
তিনি বলেন, দক্ষতার সাথে যাত্রীদের আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতে সালামএয়ার নিজের নেটওয়ার্ক বাড়ানোর প্রতি গুরুত্ব দিচ্ছে।
গত ৯ বছরে সাশ্রয়ী ও নির্ভরযোগ্য আকাশযাত্রার জন্য সালামএয়ার শক্ত অবস্থান তৈরি করেছে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়। অনুষ্ঠানের শেষাংশে বাংলাদেশি ট্রাভেল ট্রেডকে আরও সক্রিয়ভাবে সহায়তা করার পাশাপাশি দেশের আউটবাউন্ড ভ্রমণ চাহিদা পূরণে অঙ্গীকারবদ্ধ থাকতে বলা হয়।
এয়ারলাইন্সের কার্যক্রম সম্প্রসারণ পরিকল্পনা বাংলাদেশের এভিয়েশন খাতের প্রতি আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ব্যবসায়ী, প্রবাসী ও পর্যটকদের জন্য মধ্যপ্রাচ্যগামী সংযোগ বাড়াতে এই পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এয়ারোউইং এভিয়েশনের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী, ব্যবস্থাপনা পরিচালক এম এ লতিফ শাহরিয়ার জাহেদী এবং সালামএয়ার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ আরিফুল ইসলাম রাজন। দেশের বিভিন্ন প্রান্তের শীর্ষ ট্রাভেল এজেন্সির প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।