Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

আকাশে সেলফি তুলতে গিয়ে বিমান দুর্ঘটনা, দক্ষিণ কোরিয়ার যুদ্ধবিমান পাইলটের জরিমানা

আকাশে সেলফি তুলতে গিয়ে বিমান দুর্ঘটনা, দক্ষিণ কোরিয়ার যুদ্ধবিমান পাইলটের জরিমানা

ছবি: সংগৃহীত


নিজের শেষ উড্ডয়নের স্মরণে ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে মাঝ আকাশে সংঘর্ষ ঘটানোর দায়ে দক্ষিণ কোরিয়ার একজন যুদ্ধবিমান চালককে ৮ কোটি ৮০ লাখ ওন (প্রায় ৫৯,২০০ মার্কিন ডলার) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার দেশটির নিরীক্ষা ও পরিদর্শন বোর্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


প্রতিবেদন অনুযায়ী, পরিচয় গোপন রাখা ওই পাইলট ২০২১ সালে অন্য ঘাঁটিতে বদলির আগে তাঁর শেষ উড্ডয়নের স্মৃতি ক্যামেরায় ধরে রাখতে চেয়েছিলেন। এ জন্য তিনি দ্বিতীয় একটি বিমানের পাইলটসহ আরেক সহকর্মীকে মোবাইল ফোনে তাঁর ছবি তুলতে বলেন। তখন বিমানের গতি ছিল ঘণ্টায় ৫৭৮ কিলোমিটার (৩৫৯ মাইল)।


পছন্দমতো শট পেতে তিনি তাঁর যুদ্ধবিমানটি উল্টে ঘুরিয়ে অন্য বিমানের খুব কাছে নিয়ে যান। এতে সৃষ্ট বিভ্রান্তির কারণে তাঁর বিমানের বাম স্টেবিলেটর (লেজের অনুভূমিক নিয়ন্ত্রণ পাখা) অপর বিমানের ডানার সঙ্গে ধাক্কা খায়।


প্রতিবেদনে জানানো হয়, ওই চালক বিমানটিকে "১৩৭ ডিগ্রি পর্যন্ত উল্টিয়ে দেন, যাতে উপরের অংশ ভিডিওতে ধরা পড়ে।" তবে এই কসরতটি দলের অন্য সদস্যদের সঙ্গে আগে থেকে কোনো সমন্বয় ছাড়াই করা হয়েছিল।


এই দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও অননুমোদিত কার্যক্রমের কারণে মোট ৮৭ কোটি ৮০ লাখ ওনের ক্ষতি হয়।


প্রথমে প্রতিরক্ষা মন্ত্রণালয় পাইলটকে পুরো ক্ষতির অর্থ পরিশোধ করতে বলে। তবে তিনি আপিল করলে বোর্ড তাঁর দায় মোট মেরামত খরচের মাত্র ১০ শতাংশে নামিয়ে আনে। বোর্ড বিবেচনায় নেয় যে এর আগেও অন্য পাইলটরা উড্ডয়নের সময় ছবি তুলেছেন এবং এই পাইলট দুর্ঘটনার পরেও নিরাপদে বিমানটি ঘাঁটিতে ফিরিয়ে এনেছেন।


প্রতিবেদনে আরও বলা হয়, "২০১০ সালে কমিশন পাওয়ার পর থেকে ওই ব্যক্তি দীর্ঘ সময় যুদ্ধবিমান চালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং নিরাপদে বিমান পরিচালনা করেছেন।"


প্রতিবেদনে বিমানের মডেলের নাম উল্লেখ না থাকলেও দক্ষিণ কোরিয়ার বার্তাসংস্থা ইয়োনহাপ জানিয়েছে, বিমানটি ছিল একটি এফ-১৫কে।


সূত্র: এএফপি

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News