যুক্তরাজ্য নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী : হাইকমিশনার সারাহ কুক
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। মঙ্গলবার তিনি ড. খলিলুর রহমান ও শামা ওবায়েদ ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই প্রতিশ্রুতি দেন।
বৈঠকে তিনি বলেন, যুক্তরাজ্য-বাংলাদেশ অংশীদারিত্বের গভীরতা ও শক্তি পুনর্ব্যক্ত করতে এবং উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ অগ্রাধিকার বাস্তবায়নে সহযোগিতা আরও জোরদার করতে যুক্তরাজ্য আগ্রহী। বৈঠকে দুই দেশের দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের গুরুত্ব বিশেষভাবে আলোচিত হয়।
সারাহ কুক আরও বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, “বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং দেশের এই নতুন অধ্যায়ে আমরা একসঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যেতে চাই।”