বাতিল মধ্যপ্রাচ্য ফ্লাইটে বিমানের রিফান্ড, তারিখ পরিবর্তনের সুবিধা
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, March 04, 2026
ফাইল ছবি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, সাময়িকভাবে স্থগিত করা তাদের মধ্যপ্রাচ্যের রুটগুলোর টিকিটধারী যাত্রীরা কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই পূর্ণ অর্থ ফেরত (রিফান্ড) পাবেন অথবা বিনামূল্যে ভ্রমণের তারিখ পরিবর্তনের সুযোগ পাবেন।
জাতীয় পতাকাবাহী এই এয়ারলাইন জানায়, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আবুধাবি, শারজাহ, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মাম রুটের ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব রুটে ফ্লাইট বন্ধ থাকবে।
তবে নিয়মিত সময়সূচি অনুযায়ী জেদ্দা, মদিনা, রিয়াদ ও মাসকাট রুটে বিমানের ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানায়, সাময়িকভাবে স্থগিত রুটগুলোর জন্য টিকিট ক্রয়কারী যাত্রীরা কোনো অতিরিক্ত ফি ছাড়াই রিফান্ড বা তারিখ পরিবর্তনের সুবিধা গ্রহণ করতে পারবেন।
দেশে ও বিদেশে অবস্থিত বিমানের যেকোনো সেলস সেন্টার অথবা যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট ক্রয় করা হয়েছে, সেখান থেকেই এ সুবিধা নেওয়া যাবে বলে জানায় এই এয়ারলাইন।
ফ্লাইট সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে যাত্রীদের ১৩৬৩৬ (দেশীয়) অথবা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক) নম্বরে বিমানের কল সেন্টারে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিমান আরও জানায়, যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন হলে পরবর্তীতে আরও হালনাগাদ তথ্য জানানো হবে।