বিদেশিদের জন্য ‘ভিসা অন অ্যারাইভাল’ সাময়িকভাবে স্থগিত
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, January 14, 2026
কোলাজ : এভিয়েশন এক্সপ্রেস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদেশি নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সরকার। বুধবার এ তথ্য জানান পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি এক মাসের (১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি) জন্য কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে নির্বাচন ও গণভোটের সময়কাল অন্তর্ভুক্ত থাকবে। ভিসা অন অ্যারাইভাল সুবিধা পাওয়া দেশগুলোর নাগরিকদের বিষয়ে বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তৌহিদ হোসেন জানান, অন্তর্বর্তী সরকার নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এই পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, “যাঁদের বাংলাদেশে ভ্রমণের প্রয়োজন রয়েছে, তাঁদের অবশ্যই আগেই ভিসা সংগ্রহ করতে হবে।”
এর আগে, গত ১২ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রবাসী-৫ শাখার উপসচিব মোহাম্মদ শফিকুল ইসলাম ভিসা ইস্যু সংক্রান্ত একটি বিশেষ নির্দেশনা জারি করেন। এতে ভিসা অন অ্যারাইভাল দেওয়ার আগে ভ্রমণের উদ্দেশ্য, আমন্ত্রণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান, হোটেল বা থাকার ঠিকানা এবং ফেরত টিকিটসহ সংশ্লিষ্ট কাগজপত্র কঠোরভাবে যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়। যাচাইয়ে কোনো অনিয়ম বা সন্দেহ দেখা দিলে ভিসা না দেওয়ার কথাও বলা হয়।
মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন তাদের ফেসবুক পেজে ভিসা অন অ্যারাইভাল স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে জানানো হয়, ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এ সুবিধা কার্যকর থাকবে না।
ভারতীয় নাগরিকদের ভিসা প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নিরাপত্তাজনিত কারণে ভারতীয়দের ভিসা প্রদানও স্থগিত রয়েছে। তিনি জানান, এটি বিশেষ পরিস্থিতিতে নেওয়া একটি সিদ্ধান্ত। এই আদেশের উদ্দেশ্য হলো সংসদ নির্বাচন ও গণভোটকালীন সময়ে বিদেশি নাগরিকদের নিরাপদ ও সুশৃঙ্খল প্রবেশ, অবস্থান ও প্রস্থান নিশ্চিত করা। এ সময় জরুরি প্রয়োজনে বাংলাদেশে আসতে হলে সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ মিশনের মাধ্যমে আগেই ভিসার জন্য আবেদন করতে হবে।
উল্লেখ্য, আগে যেসব দেশের নাগরিকরা বাংলাদেশের বিভিন্ন বন্দরে ভিসা অন অ্যারাইভাল সুবিধা পেতেন, এই স্থগিতাদেশ তাদের সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
তথ্যসূত্র: বিবিসি বাংলা