বিজি-৩৮৬ ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
| Published: Monday, July 27, 2026
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আলোচনা এগিয়ে নিতে তৃতীয়বারের মতো দেশটিতে রওনা হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সফরে তার সঙ্গে রয়েছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহ্দী আমিন।
সোমবার (২৭ জুলাই) রাত ৯টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৬ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র এভিয়েশন এক্সপ্রেসকে এ তথ্য নিশ্চিত করেছে।
যদিও এ সফরের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি, তবে সফরসংক্রান্ত মন্ত্রণালয়ের একটি চিঠি এভিয়েশন এক্সপ্রেসের হাতে এসেছে। ওই চিঠিতে মন্ত্রী ও উপদেষ্টার মালয়েশিয়া সফরের বিষয়টি উল্লেখ রয়েছে।
এদিকে, মন্ত্রী ও উপদেষ্টার এ সফর ঘিরে মন্ত্রণালয়ের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে মাইগ্রেন্ট ওয়েলফেয়ার নেটওয়ার্ক (এমডব্লিউএন)। সংগঠনটির দাবি, মালয়েশিয়ার শ্রমবাজারের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারি সফর সম্পর্কে স্বচ্ছতা থাকা প্রয়োজন।