বিমান, পর্যটন খাতে উন্নয়ন প্রকল্পে জনসম্পৃক্ততা ও পিপিপি মডেলে গুরুত্ব দেওয়ার নির্দেশ
ডেস্ক রিপোর্ট
| Published: Monday, July 27, 2026
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়ন প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে প্রকল্পের সম্ভাবনা, ভবিষ্যৎ বিকাশ, স্থানীয় জনগণের সম্পৃক্ততা এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।
সোমবার দুপুর ১টায় বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাগুলোর ২০২৬-২৭ অর্থবছরের চলমান এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-তে অন্তর্ভুক্ত অননুমোদিত নতুন প্রকল্পসমূহ পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেওয়া হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। এতে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
সভায় মন্ত্রী আফরোজা খানম বলেন, প্রকল্প প্রণয়নের সময় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে প্রতিটি প্রকল্পের সম্ভাব্যতা ও দীর্ঘমেয়াদি উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। একই সঙ্গে প্রকল্পগুলো যেন পরস্পরের পরিপূরক হয় এবং সংশ্লিষ্ট এলাকার স্থানীয় জনগণের কার্যকর অংশগ্রহণ ও সম্পৃক্ততা নিশ্চিত করা যায়, সে বিষয়েও নজর দিতে হবে।
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে, যাতে জনসাধারণ দ্রুত এর সুফল ভোগ করতে পারে।
সভায় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নের বিষয়টি বিবেচনায় রেখেই উন্নয়ন প্রকল্প প্রণয়ন করতে হবে। তিনি সরাসরি সরকারি অর্থায়নের (জিওবি ফান্ড) ওপর নির্ভরতা কমিয়ে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্পগুলোর মাধ্যমে দেশের মানুষ যেন পরিবর্তিত বাংলাদেশের বাস্তব সুফল পায়, তা নিশ্চিত করতে হবে।
পর্যালোচনা সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।