মালয়েশিয়ার শ্রমবাজার: মন্ত্রীদের সফর, সম্ভাব্য চুক্তি ও সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক
| Published: Monday, July 27, 2026
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে উচ্চপর্যায়ের কূটনৈতিক তৎপরতা শুরু হলেও পুরো প্রক্রিয়াটি ঘিরে সরকারের নীরবতা এবং তথ্য প্রকাশে সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছে মাইগ্র্যান্ট ওয়েলফেয়ার নেটওয়ার্ক (এমডব্লিউএন)।
সংগঠনটির দাবি, লাখো বাংলাদেশি কর্মীর ভবিষ্যতের সঙ্গে জড়িত এমন গুরুত্বপূর্ণ বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও উপদেষ্টা মাহদী আমিন রোববার রাতে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, সফরটি জনসমক্ষে প্রকাশ না করার চেষ্টা করা হয়েছিল এবং এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্যও জানানো হয়নি। তবে এ বিষয়ে মন্ত্রণালয়ের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে বিভিন্ন সূত্রে আগামী ৪ আগস্ট মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রীর বাংলাদেশ সফরের সম্ভাবনার কথাও জানা গেছে।
পুত্রজায়াভিত্তিক একাধিক সূত্র জানিয়েছে, মঙ্গলবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে দেশটির মানবসম্পদমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রম অভিবাসন পুনরায় চালুর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। তবে বিষয়টি এখনো দুই দেশের সরকার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
সূত্রগুলো বলছে, প্রস্তাবিত সমঝোতার আওতায় সীমিত সংখ্যক জনশক্তি রপ্তানিকারক রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া পুনরায় চালুর বিষয়টি গুরুত্ব পাচ্ছে। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মালয়েশিয়ায় পাঠানো ৪০০ থেকে ৫০০টি রিক্রুটিং এজেন্সির একটি তালিকাও আলোচনায় রয়েছে বলে জানা গেছে।
বিভিন্ন সূত্রের দাবি, সিন্ডিকেট বা মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রণীত বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির তালিকা-সংক্রান্ত বিতর্কিত শর্তাবলি বাংলাদেশ ও মালয়েশিয়া—উভয় পক্ষই নীতিগতভাবে মেনে নিয়েছে। আগামীকাল পুত্রজায়ার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে। তবে এ তথ্য স্বাধীনভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
এ পরিস্থিতিতে মাইগ্র্যান্ট ওয়েলফেয়ার নেটওয়ার্ক (এমডব্লিউএন) বলেছে, সফরের উদ্দেশ্য, আলোচ্যসূচি কিংবা মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সরকারের বর্তমান অবস্থান সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
সংগঠনটির মতে, মালয়েশিয়ার শ্রমবাজার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিষয় নয়; এটি লাখো বাংলাদেশি কর্মী, তাদের পরিবারের জীবন-জীবিকা, দেশের অভিবাসন খাত এবং রেমিট্যান্স অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ফলে সম্ভাব্য উচ্চপর্যায়ের সফর ও আলোচনার বিষয়ে সরকারের নীরবতা নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে।
এমডব্লিউএন জানতে চেয়েছে, প্রবাসী কল্যাণমন্ত্রীর মালয়েশিয়া সফরের সুনির্দিষ্ট উদ্দেশ্য কী, সম্ভাব্য বৈঠকে কোন বিষয়গুলো আলোচনায় আসবে এবং মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সরকারের বর্তমান অবস্থান কী।
সংগঠনটি বলেছে, শ্রমবাজার নিয়ে ইতিবাচক কোনো অগ্রগতি হয়ে থাকলে তা জনসমক্ষে তুলে ধরা উচিত। একইভাবে কর্মী পাঠানোর প্রক্রিয়া, নতুন কোনো শর্ত, সমঝোতা কিংবা নীতিগত পরিবর্তন নিয়ে আলোচনা হলে সংশ্লিষ্ট অংশীজনদেরও তা জানানো প্রয়োজন।
বিশেষ করে অতীতে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেট, অতিরিক্ত অভিবাসন ব্যয়, সীমিতসংখ্যক রিক্রুটিং এজেন্সির অংশগ্রহণ এবং কর্মীদের নানা ধরনের ভোগান্তির অভিযোগ ওঠায় নতুন যেকোনো উদ্যোগে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে সংগঠনটি।
তাদের মতে, সরকার যদি নতুন কোনো ব্যবস্থার মাধ্যমে শ্রমবাজার চালু করতে চায়, তাহলে কর্মী বাছাই ও পাঠানোর পদ্ধতি কী হবে, কতটি রিক্রুটিং এজেন্সি সুযোগ পাবে, অভিবাসন ব্যয় কত নির্ধারণ করা হবে এবং পুরো প্রক্রিয়াটি কীভাবে সিন্ডিকেটমুক্ত, প্রতিযোগিতামূলক ও জবাবদিহিমূলক করা হবে—এসব বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন।
এমডব্লিউএন বলেছে, প্রবাসী কর্মীদের কেবল বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যম হিসেবে দেখার সুযোগ নেই; তারা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাই তাদের ভবিষ্যৎ নির্ধারণকারী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ধোঁয়াশা বা অস্বচ্ছতা গ্রহণযোগ্য হতে পারে না।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে সংগঠনটি বলেছে, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে চলমান তৎপরতা সম্পর্কে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ ব্যাখ্যা দিতে হবে।
সংগঠনটির ভাষায়, ''প্রবাসীদের জীবন ও ভবিষ্যৎ নিয়ে বন্ধ দরজার আড়ালে আলোচনা নয়—জাতির সামনে সত্য তুলে ধরুন।''
তাদের মতে, সরকারের পক্ষ থেকে সময়মতো তথ্য প্রকাশ না হলে শ্রমবাজার ঘিরে পুরোনো বিতর্ক, সন্দেহ এবং সিন্ডিকেট ফিরে আসার আশঙ্কা আরও জোরালো হতে পারে। তাই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন অধ্যায় শুরুর আগে সরকারের সামনে সবচেয়ে বড় পরীক্ষা শুধু বাজারটি চালু করা নয়, বরং কর্মীদের স্বার্থ সুরক্ষিত রেখে পুরো প্রক্রিয়াটি কতটা স্বচ্ছ, প্রতিযোগিতামূলক ও জবাবদিহিমূলক করা যায়।