বিমানবন্দর এলাকায় অনুমোদনহীন ড্রোন জব্দ
সিনিয়র প্রতিবেদক
| Published: Sunday, April 05, 2026
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকায় অনুমতি ছাড়া উড়তে থাকা একটি ড্রোন জব্দ করেছে কর্তৃপক্ষ।
শনিবার রাতে এটি জব্দ করা হয়।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, ৪ এপ্রিল রাত সাড়ে ৮ টায় সাফ চ্যাম্পিয়নশিপ শেষে দেশে ফেরা বাংলাদেশের অনুর্ধ্ব-২০ দলের খেলোয়াড়দের আগমন উপলক্ষে ভিআইপি পোল গেটের সামনে ভিডিও ধারণের সময় ড্রোনটি হাতেনাতে জব্দ করা হয়।
জব্দকৃত ড্রোনটির মডেল ডিজেআই ম্যাভিক-৪ প্রো।
বেবিচক জানায়, “ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা ২০২০” অনুযায়ী বিমানবন্দর এলাকা ‘রেড জোন’-এর অন্তর্ভুক্ত। এ ধরনের সংবেদনশীল এলাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ অনুমতি ছাড়া ড্রোন উড্ডয়ন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। জব্দ করা ড্রোনটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর কাছ থেকে কোন অনুমতি না নিয়ে উড়ানো হচ্ছিল। বিমানবন্দর এলাকায় উড্ডয়ন করা হচ্ছিল।
বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে এ ধরনের অননুমোদিত কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় বেবিচক।
ভবিষ্যতে বিমানবন্দরসহ সংবেদনশীল এলাকায় ড্রোন ব্যবহারের ক্ষেত্রে সকলকে সংশ্লিষ্ট বিধি-বিধান মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।