জ্বালানি ও জনশক্তি খাতে সহযোগিতা জোরদারে সম্মত বাংলাদেশ ও লিবিয়া
ডেস্ক রিপোর্ট
| Published: Monday, April 06, 2026
ছবি: সংগৃহীত
বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মুতালিব এস এম সুলায়মান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও লিবিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী লিবিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশটিতে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী ও পেশাজীবীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বাংলাদেশ থেকে চিকিৎসাকর্মী নিয়োগের সাম্প্রতিক উদ্যোগ প্রশংসনীয়।
তিনি লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আটকে পড়া নাগরিকদের প্রত্যাবাসনে লিবিয়ান কর্তৃপক্ষের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে জ্বালানি, অবকাঠামো, ওষুধশিল্প এবং জনশক্তি খাতে সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ-লিবিয়া যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব দেন, যা দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে সহায়ক হবে।
রাষ্ট্রদূত সুলায়মান জ্বালানি ও জনশক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে লিবিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং লিবিয়ায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের প্রতি অব্যাহত সহায়তার আশ্বাস দেন।
এছাড়া, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে নিয়মিত বৈঠক ও উচ্চ পর্যায়ের সফরের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
বৈঠক শেষে রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও জোরদারে লিবিয়ার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।