বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম: সতর্ক থাকার আহ্বান
জ্যেষ্ঠ প্রতিবেদক
| Published: Saturday, October 31, 2026
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নামে চাকরির তথ্য সংগ্রহের একটি অননুমোদিত গুগল ফরম ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছে বিমান কর্তৃপক্ষ।
আজ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিমান জানায়, সম্প্রতি এই ফরমের বিষয়টি তাদের নজরে এসেছে। ফরমটির সঙ্গে বা এর মাধ্যমে চালানো কোনো কার্যক্রমের সঙ্গে এয়ারলাইন্সটির কোনো সম্পর্ক নেই। বিমান এ ধরনের কোনো ফরম চালু বা অনুমোদন করেনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানের নিয়োগ-সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়। আবেদন নেওয়া ও তা ব্যবস্থাপনার কাজ হয় টেলিটকের নির্ধারিত অনলাইন নিয়োগ ব্যবস্থার মাধ্যমে। এ ছাড়া নিয়োগের তথ্য ও বিজ্ঞপ্তি বিমানের অনুমোদিত ওয়েবসাইটেও দেওয়া হয়।
এ অবস্থায় বিমানের নামে প্রচারিত কোনো অননুমোদিত গুগল ফরম বা অপরিচিত লিংকে ব্যক্তিগত তথ্য না দিতে এবং কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
নিয়োগ-সংক্রান্ত যেকোনো তথ্য জাতীয় দৈনিক পত্রিকা, বিমানের অনুমোদিত ওয়েবসাইট ও টেলিটকের নিয়োগ পোর্টাল থেকে যাচাই করে নিতেও জনসাধারণকে অনুরোধ জানিয়েছে বিমান।