মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকা: মন্ত্রণালয়
জ্যেষ্ঠ প্রতিবেদক
| Published: Saturday, October 31, 2026
মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করে দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, এর বেশি টাকা কোনো মেডিকেল সেন্টার নিতে পারবে না।
শনিবার (৩১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্মীদের অনুরোধ করেছে, কোনোভাবেই যেন ৮ হাজার টাকার বেশি না দেওয়া হয়।
মেডিকেল পরীক্ষার জন্য দালাল বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে যোগাযোগ না করার বিষয়েও সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করবে না। মালয়েশিয়ার জন্য নির্বাচিত কর্মী অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।
কোনো এজেন্সি মেডিকেল স্লিপ দেওয়ার পর কর্মী যদি অন্য এজেন্সির মাধ্যমে যাওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে আগের এজেন্সিকে দেরি না করে মেডিকেল রিপোর্ট পাঠিয়ে দিতে হবে। এ ক্ষেত্রে স্লিপ দেওয়া এজেন্সির কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে মন্ত্রণালয়।
কোনো মেডিকেল সেন্টার ৮ হাজার টাকার বেশি দাবি করলে, কিংবা হয়রানি বা তালবাহানা করলে সঙ্গে সঙ্গে মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে। এ জন্য ইমেইল ঠিকানা: secretary@probashi.gov.bd। মন্ত্রণালয় আরও জানিয়েছে, মাইগ্রামস (migrams) স্লিপের জন্য কোনো ফি লাগে না।
মেডিকেল সেন্টারগুলোর কাজ নিয়মিত তদারকি ও পরীক্ষা করবে মন্ত্রণালয়। কোনো অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোকে এই নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। এ ছাড়া সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক বিদেশে কর্মসংস্থানের জন্য সবার সহযোগিতাও চেয়েছে তারা।
এর আগে মন্ত্রণালয় জানিয়েছিল, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে ৩১ অক্টোবর।