বিরোধ নয়, সহযোগিতায় শ্রমিকের অধিকার ও প্রতিষ্ঠানের সাফল্য নিশ্চিত হবে: পর্যটনমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক
| Published: Monday, November 23, 2026
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত । ছবি- সংগৃহীত
বিরোধ নয়, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে শ্রমিকদের অধিকার রক্ষা এবং প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্য নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে ‘ইন্টারকন্টিনেন্টাল ঢাকা শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন’-এর অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হোটেলের কর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, একটি প্রতিষ্ঠানের সাফল্য ও অগ্রগতির অন্যতম প্রধান শক্তি দক্ষ, অভিজ্ঞ ও আন্তরিক কর্মীরা। তাই কর্মীদের ন্যায্য অধিকার ও স্বার্থ সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা জরুরি।
তিনি বলেন, কর্মীদের নিজেদের শুধু কর্মচারী হিসেবে বিবেচনা করা উচিত নয়। তারা প্রত্যেকেই ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সুনাম, ঐতিহ্য ও অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ অংশীদার।
যেকোনো সমস্যা সমাধানে গঠনমূলক আলোচনার ওপর গুরুত্ব দিয়ে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, কর্মীদের কোনো ন্যায্য সমস্যা বা দাবি থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করতে হবে। এ জন্য নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে দাবিগুলো উপস্থাপন করতে হবে।
মন্ত্রী বলেন, বিরোধের পরিবর্তে পারস্পরিক সহযোগিতা এবং বৈরিতার পরিবর্তে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখলে শ্রমিকদের অধিকার সুরক্ষিত হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্য ও কর্মসংস্থানের সুযোগও বাড়বে।
নবনির্বাচিত ইউনিয়ন কমিটির প্রতি প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষার পাশাপাশি প্রতিষ্ঠানের সেবার মান বাড়ানো এবং ব্যবসায়িক সাফল্য অর্জনে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে কাজ করতে হবে।
অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, বিএনপির ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের আলোকে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা এবং পর্যটন ও আতিথেয়তা খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, নবনির্বাচিত ইউনিয়নের নেতারা এবং বাংলাদেশ সার্ভিসেসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।