শীতকালীন কুয়াশা ও ফ্লাইট ডাইভারশন
ঢাকার বিমানবন্দরে আধুনিক আইএলএস ব্যবস্থার উন্নয়ন কেন জরুরি
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, November 25, 2026
আর কয়েকদিন পরেই শুরু হবে শীতকাল। শীত এলেই প্রায় প্রতিবছর সংবাদমাধ্যমে একটি পরিচিত খবর আমাদের নজরে আসে—ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত সময়ে উড়োজাহাজ অবতরণ করতে পারছে না। ফলে একের পর এক আন্তর্জাতিক ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পাঠাতে হচ্ছে। কখনো চট্টগ্রাম বা সিলেট, আবার কখনো ভারতের কলকাতা কিংবা থাইল্যান্ডের ব্যাংককে অবতরণ করতে হচ্ছে এসব উড়োজাহাজকে।
বিষয়টিকে আমরা অনেক সময় সাধারণ একটি বিমান চলাচলজনিত সমস্যা হিসেবে বিবেচনা করি। কিন্তু বাস্তবে এর প্রভাব অনেক বেশি বিস্তৃত। একটি উড়োজাহাজ নির্ধারিত গন্তব্যে অবতরণ করতে না পারলে প্রথমেই চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অপরিচিত কোনো বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষা, সংযোগকারী ফ্লাইট হারানো, খাবার, হোটেল ও পরিবহন ব্যবস্থার অনিশ্চয়তা—সব মিলিয়ে যাত্রার স্বাভাবিক পরিকল্পনা ব্যাহত হয়।
অন্যদিকে, এয়ারলাইনসকে বহন করতে হয় অতিরিক্ত জ্বালানি ব্যয়, ক্রুদের কর্মঘণ্টা বৃদ্ধি, বিমানবন্দরের পার্কিং চার্জ এবং যাত্রীদের বিকল্প ব্যবস্থাপনার খরচ। একটি ফ্লাইট ডাইভারশনের প্রভাব শুধু একটি ফ্লাইটের মধ্যেই সীমাবদ্ধ থাকে না; এর কারণে পরবর্তী ফ্লাইটের সময়সূচি ও পুরো এয়ারলাইনসের দৈনন্দিন কার্যক্রমেও বিঘ্ন সৃষ্টি হতে পারে।
ঘন কুয়াশা কিংবা কম দৃশ্যমানতার মধ্যেও উড়োজাহাজকে রানওয়ের সঙ্গে সঠিকভাবে সামঞ্জস্য রেখে অবতরণে সহায়তা করার জন্য ব্যবহৃত হয় একটি গুরুত্বপূর্ণ নেভিগেশন ব্যবস্থা, যার নাম Instrument Landing System (ILS)।
ILS কী এবং কেন এটি গুরুত্বপূর্ণ?
ILS একটি নির্ভুল রেডিও নেভিগেশন ব্যবস্থা। এটি পাইলটকে রানওয়ের কেন্দ্ররেখা এবং অবতরণের সঠিক উল্লম্ব পথ সম্পর্কে নির্দেশনা প্রদান করে। এর দুটি প্রধান উপাদান রয়েছে:
১. Localizer: এটি উড়োজাহাজকে রানওয়ের কেন্দ্ররেখার সঙ্গে সঠিকভাবে সামঞ্জস্য রেখে অবতরণের দিকনির্দেশনা দেয়।
২. Glide Slope: এটি উড়োজাহাজকে রানওয়ের দিকে অবতরণের জন্য প্রয়োজনীয় সঠিক উল্লম্ব কোণ বা পথ নির্দেশ করে।
ILS-এর বিভিন্ন ক্যাটাগরি রয়েছে—CAT-I, CAT-II, CAT-IIIA, CAT-IIIB এবং CAT-IIIC। প্রতিটি ক্যাটাগরি নির্দিষ্ট দৃশ্যমানতা ও সিদ্ধান্ত গ্রহণের উচ্চতার সীমার মধ্যে অবতরণের সুযোগ তৈরি করে। সাধারণভাবে CAT-I-এর তুলনায় CAT-II ও CAT-III আরও কম দৃশ্যমানতায় অবতরণের সুযোগ দেয়। তবে, শুধু উন্নত ILS স্থাপন করলেই সমস্যার সমাধান হয় না। এর সঙ্গে রানওয়ের উপযুক্ত আলো ব্যবস্থা, বিশেষ করে Touchdown Zone ও Centreline Lighting, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, নির্ভরযোগ্য নেভিগেশন সরঞ্জাম, গ্রাউন্ড অবকাঠামো এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হয়। একই সঙ্গে উড়োজাহাজের প্রযুক্তিগত সক্ষমতা, পাইলটদের প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনও অপরিহার্য।
বিশ্বের অন্যান্য বিমানবন্দরের সক্ষমতা
বিশ্বের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দরগুলো প্রতিকূল আবহাওয়ায় বিমান চলাচল সচল রাখতে উন্নত ILS এবং Low Visibility Operations ব্যবস্থা ব্যবহার করে।
লন্ডনের হিথ্রো, প্যারিসের শার্ল দ্য গল, জার্মানির ফ্রাঙ্কফুর্ট এবং ভারতের দিল্লির মতো ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে উন্নত CAT-II ও CAT-III প্রযুক্তি এবং সংশ্লিষ্ট অবকাঠামোর সমন্বয়ে কম দৃশ্যমানতায় ফ্লাইট পরিচালনার ব্যবস্থা রয়েছে। এসব প্রযুক্তি কুয়াশার কারণে সৃষ্ট ফ্লাইট বিঘ্ন কমাতে এবং বিমান চলাচলের ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বর্তমান অবস্থা
আমাদের দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ILS সক্ষমতা উন্নয়ন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।
CAAB-এর AIP Supplement 04/25 অনুযায়ী, ১০ জুলাই ২০২৫ থেকে রানওয়ে ১৪-এর জন্য CAT-II ILS পদ্ধতি কার্যকর করার তথ্য প্রকাশ করা হয়েছিল। কিন্তু ১ নভেম্বর ২০২৬ থেকে কার্যকর NOTAM A0391/26 অনুযায়ী, রানওয়ে ১৪-এর ILS বর্তমানে CAT-I হিসেবে সীমিত রয়েছে এবং প্রকাশিত নির্দেশনার মেয়াদ ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
এই তথ্য আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। উন্নত ILS ব্যবস্থা চালুর পরও কেন এর কার্যকর সক্ষমতা সীমিত রয়েছে? এর পেছনে কোনো যন্ত্রপাতিগত সীমাবদ্ধতা, রানওয়ে লাইটিং, রক্ষণাবেক্ষণ, ব্যাকআপ ব্যবস্থা কিংবা অন্য কোনো অপারেশনাল কারণ রয়েছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পরিষ্কার হওয়া প্রয়োজন।
আমাদের নিশ্চিত করতে হবে, ILS-এর সব নেভিগেশন সরঞ্জাম, রানওয়ে লাইটিং, বিদ্যুৎ সরবরাহ ও ব্যাকআপ ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো আন্তর্জাতিক মান অনুযায়ী কার্যকর ও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে কি না। একই সঙ্গে ভবিষ্যতে CAT-III ব্যবস্থায় উন্নীত হওয়ার সম্ভাব্যতা যাচাই করা জরুরি। এ জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ প্রযুক্তিগত সমীক্ষা, ব্যয় বিশ্লেষণ, অবকাঠামোগত সক্ষমতা যাচাই এবং CAAB-এর প্রয়োজনীয় নিরাপত্তা মূল্যায়ন ও অনুমোদন।
এখনই পরিকল্পনা গ্রহণের সময়
বাংলাদেশের আকাশপথে আন্তর্জাতিক বিমান চলাচলের গুরুত্ব ক্রমাগত বাড়ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর শুধু দেশের প্রবেশদ্বার নয়; এটি আন্তর্জাতিক যোগাযোগ, পর্যটন, বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান কেন্দ্র।
প্রতিবছর শীতকালে একই ধরনের সমস্যার পুনরাবৃত্তি হলে তা দীর্ঘমেয়াদে গ্রহণযোগ্য হতে পারে না। এ সমস্যার স্থায়ী ও কার্যকর সমাধানের জন্য এখনই সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কয়েকটি বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানাই—
১. বিদ্যমান ILS ব্যবস্থার পূর্ণাঙ্গ প্রযুক্তিগত ও নিরাপত্তা মূল্যায়ন করা।
২. CAT-II সক্ষমতা কার্যকর ও নিরবচ্ছিন্নভাবে বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
৩. CAT-III ব্যবস্থায় উন্নীত হওয়ার জন্য একটি বাস্তবসম্মত সম্ভাব্যতা সমীক্ষা ও সময়ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন করা।
৪. রানওয়ে লাইটিং, বিদ্যুৎ সরবরাহ, ব্যাকআপ ব্যবস্থা এবং সংশ্লিষ্ট অবকাঠামো আন্তর্জাতিক মান অনুযায়ী উন্নত ও রক্ষণাবেক্ষণ করা।
৫. CAAB, বিমানবন্দর ব্যবস্থাপনা, এয়ারলাইনস এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা।
আমরা চাই না, প্রতি শীতেই ঘন কুয়াশার কারণে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দরকে একই ধরনের অপারেশনাল সংকটের মুখোমুখি হতে হোক। তাই শীতকাল আসার আগেই নয়, বরং দীর্ঘমেয়াদি প্রস্তুতির অংশ হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ILS ও Low Visibility Operations ব্যবস্থা পর্যালোচনা, প্রয়োজনীয় উন্নয়ন এবং ভবিষ্যৎ CAT-III সক্ষমতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট ও সময়াবদ্ধ পরিকল্পনা গ্রহণ করা এখন সময়ের দাবি।
লেখক: ইথার ফারিয়েল হামিদ
পাইলট, ইনস্ট্রাক্টর ও এভিয়েশন বিশ্লেষক, গবেষক