Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ব্রুনাইয়ে ৩৭০ কর্মী নিয়োগ দেবে বোয়েসেল, আবেদন ফি ১০০ টাকা

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, November 25, 2026
ব্রুনাইয়ে ৩৭০ কর্মী নিয়োগ দেবে বোয়েসেল, আবেদন ফি ১০০ টাকা

সংগৃহীত

ব্রুনাইয়ে বিভিন্ন খাতে ৩৭০ জন পুরুষ কর্মী নিয়োগ দেবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। সরকারিভাবে নিয়োগের এ প্রক্রিয়ায় নির্মাণশ্রমিক, রাজমিস্ত্রী, রং মিস্ত্রী, সাধারণ শ্রমিক, ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান, প্লাম্বার, কার্পেন্টার, ফোরম্যান, গাড়ির মেকানিক ও ড্রাইভারসহ বিভিন্ন পদে কর্মী নেওয়া হবে।


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বোয়েসেল ২২ নভেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন শুরু হয়েছে ২৩ নভেম্বর সকাল ১০টায়। আবেদন করা যাবে ২৭ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পর আবেদন লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।


আগ্রহী প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত অনলাইন পোর্টাল https://www.oep.gov.bd/job-circulars-এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি ১০০ টাকা এবং এর সঙ্গে সার্ভিস চার্জ দিতে হবে। 


আবেদন ফি অফেরতযোগ্য।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের অধিকাংশ পদেই দৈনিক ২০ ব্রুনাই ডলার মজুরি দেওয়া হবে। ইলেকট্রিশিয়ান পদে দৈনিক মজুরি ২২ ব্রুনাই ডলার। গাড়ির মেকানিক ও ড্রাইভার পদে মাসিক বেতন ৬৫০ ব্রুনাই ডলার নির্ধারণ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিতে সবচেয়ে বেশি কর্মী নেওয়া হবে কন্ট্রেক্টর জুসমিলারিয়া অ্যান্ড কেলুয়ার্গা কোম্পানিতে। 


প্রতিষ্ঠানটিতে ফোরম্যান, নির্মাণশ্রমিক, রাজমিস্ত্রী, কাঠমিস্ত্রী, রং মিস্ত্রী ও প্লাম্বার পদে মোট ১১০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে নির্মাণশ্রমিক পদে ৮০ জন নেওয়া হবে।


এ ছাড়া সি-টেক এসডিএন বিএইচডি-তে ৩৬ জন নির্মাণশ্রমিক, সুজানা গুরু কন্ট্রাক্টর-এ ৫০ জন শ্রমিক, সহকারী শ্রমিক ও রাজমিস্ত্রী এবং দামুদা কনস্ট্রাকশন-এ ২৫ জন নির্মাণশ্রমিক নিয়োগ দেওয়া হবে। 


বিভিন্ন কোম্পানিতে সাধারণ শ্রমিক ও নির্মাণকর্মীর পাশাপাশি দক্ষ কারিগরি পেশায়ও কর্মী নেওয়া হবে।


বিজ্ঞপ্তি অনুযায়ী, পদভেদে প্রার্থীদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। কিছু পদে বয়সসীমা ২০ থেকে ৪৫ বছর, আবার গাড়ির মেকানিক পদে ২৫ থেকে ৪০ বছর ও দামুদা কনস্ট্রাকশনের নির্মাণশ্রমিক পদে ২১ থেকে ৩৩ বছর নির্ধারণ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা পদভেদে প্রাথমিক, মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক। কোনো কোনো পদে শিক্ষাগত যোগ্যতা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।


সংশ্লিষ্ট পদে প্রার্থীদের কমপক্ষে দুই থেকে তিন বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ও মালয় ভাষা জানা প্রার্থীদেরকে নিয়োগকর্তা বিশেষ অগ্রাধিকার দিতে পারেন।


নিয়োগপ্রাপ্ত কর্মীদের সঙ্গে দুই বছরের শ্রমচুক্তি হবে, যা নবায়নযোগ্য। দৈনিক আট ঘণ্টা কর্মঘণ্টা নির্ধারণ করা হয়েছে। কর্মীদের আবাসনের ব্যয় কোম্পানি বহন করবে। তবে খাবারের ব্যয় কর্মীকে নিজ দায়িত্বে বহন করতে হবে। বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবেন। ওভারটাইম, চিকিৎসা, বীমা, ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধা ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিয়োগকর্তা কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত এবং স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ পরিশোধ করতে হবে।


দক্ষ কর্মীদের ক্ষেত্রে সার্ভিস চার্জ, ভ্যাট, এআইটি, বীমা, ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার ফি ও আনুষঙ্গিক ব্যয়সহ মোট ৮৮ হাজার ৩৫০ টাকা এবং আধা-দক্ষ বা অদক্ষ কর্মীদের ক্ষেত্রে ৪৬ হাজার ৮৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।


নির্ধারিত অর্থ সোনালী ব্যাংকের মগবাজার শাখা থেকে ‘বোয়েসেল, ঢাকা’ নামে পে-অর্ডার সংগ্রহ করে বোয়েসেলের মূল কপি জমা দিতে হবে। এ ছাড়া দূতাবাস নির্ধারিত ভিসা ফি ও বাংলাদেশে মেডিকেল পরীক্ষার খরচ কর্মীকে বহন করতে হবে।


আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট কোম্পানিতে পাঠানো হবে। নিয়োগকর্তা যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রস্তুত করবেন। এরপর চূড়ান্ত সাক্ষাৎকারের সময়সূচি বোয়েসেল লেখা পোর্টাল অথবা ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম (ওইপি) নির্ধারিত ০১৫৫২১৪৬৪৬ নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জানানো হবে।


সাক্ষাৎকারের সময় প্রার্থীদের মূল পাসপোর্ট, ইংরেজিতে জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ ও অন্যান্য প্রয়োজনীয় প্রমাণাদি সঙ্গে আনতে হবে। তবে অনলাইনে আবেদন, সাক্ষাৎকারে অংশগ্রহণ কিংবা চূড়ান্ত নির্বাচন কোনোভাবেই চাকরির নিশ্চয়তা নয়। কর্মী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগকর্তা বা তার প্রতিনিধির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


বোয়েসেল জানিয়েছে, ব্রুনাইয়ে কর্মী নিয়োগের জন্য কোনো এজেন্ট, সাব-এজেন্ট, প্রতিনিধি বা শাখা অফিস নেই। প্রতিষ্ঠানটি কোনো নগদ অর্থ গ্রহণ করে না। তাই নিয়োগের নামে কাউকে নগদ টাকা দেওয়া থেকে বিরত থাকতে হবে।


সাক্ষাৎকার ও নির্বাচিত প্রার্থীদের তালিকা কেবল বোয়েসেলের ওয়েবসাইটের নোটিশ বোর্ড ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে। এ ছাড়া নির্ধারিত পোর্টাল থেকে এসএমএস পাঠানো হবে। অন্য কোনো নম্বর বা আইডি থেকে আসা বার্তা অনুসরণ না করার জন্য আবেদনকারীদের সতর্ক করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বোয়েসেলের মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) ও সিনিয়র সহকারী সচিব মোছা. নাজমুন নাহার। বিস্তারিত তথ্যের জন্য বোয়েসেলের প্রবাসী কল্যাণ ভবন (৯ম তলা), ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০ ঠিকানায় যোগাযোগ করা যাবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News