Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

মিসিসিপি উপকূলে উড়োজাহাজ বিধ্বস্ত, দুই শিশুসহ নিহত ৬

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, November 25, 2026
 মিসিসিপি উপকূলে উড়োজাহাজ বিধ্বস্ত, দুই শিশুসহ নিহত ৬

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি উপকূলে একটি ব্যক্তিমালিকানাধীন সেসনা উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। ২৫ নভেম্বর ভোরে ডুবুরিরা উড়োজাহাজটির ভেতর থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেন। এরপর অনুসন্ধান অভিযান শেষ করে কোস্টগার্ড।


যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইউএসএ টুডের প্রতিবেদনে বলা হয়েছে, মিসিসিপির হর্ন আইল্যান্ডের উত্তর-পূর্ব দিকে প্রায় দুই মাইল দূরে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এটি পাসকাগুলা ও মিসিসিপি সাউন্ডের কাছাকাছি একটি দ্বীপ।


এর আগে উদ্ধারকারীরা ঘটনাস্থলে উড়োজাহাজের ধ্বংসাবশেষ, কেবিন, একটি লাইফবোট ও লাইফ জ্যাকেট খুঁজে পান। পরে মিসিসিপি ডিপার্টমেন্ট অব মেরিন রিসোর্সেসের ডুবুরিরা উড়োজাহাজটির মূল কাঠামোর ভেতর থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেন।


কোস্টগার্ডের কর্মকর্তা কমান্ডার ট্রেভর ব্লাউন্ট বলেন, এ ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। স্বজন হারানো পরিবারগুলোর প্রতি তাঁরা গভীর সমবেদনা জানিয়েছেন।


কোস্টগার্ডের জনসংযোগ কর্মকর্তা হুয়ান রোস জানান, ২৪ নভেম্বর স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এক ইঞ্জিনের উড়োজাহাজটি ফ্লোরিডার ফোর্ট মায়ার্সের দিকে যাচ্ছিল। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় এটি প্রতি মিনিটে ১০ হাজার ফুট গতিতে নিচে নামছিল বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।


ছয় আসনের ১৯৭২ সালের সেসনা ২১০এল মডেলের উড়োজাহাজটির নিবন্ধন নম্বর এন২৯০০২। এটি ২৪ নভেম্বর স্থানীয় সময় দুপুর ২টা ২ মিনিটে নিউ অরলিন্স লেকফ্রন্ট বিমানবন্দর থেকে ফ্লোরিডার উদ্দেশে উড্ডয়ন করে। উড্ডয়নের প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট পর দুর্ঘটনার খবর পাওয়া যায়।


যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, উড়োজাহাজটির মালিক ফ্লোরিডার কেপ কোরালভিত্তিক প্রতিষ্ঠান ইএবি সার্ভিসেস।


ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার আগে উড়োজাহাজটি নিয়মিত চলাচল করছিল। ২১ নভেম্বর এটি ফোর্ট মায়ার্স থেকে লুইজিয়ানার বুরাসে যায়। ২৪ নভেম্বর বুরাস থেকে নিউ অরলিন্সে এসে আবার ফ্লোরিডার উদ্দেশে উড্ডয়ন করে। এর আগে ১৯ ও ২০ নভেম্বরও উড়োজাহাজটি কয়েকটি ফ্লাইট পরিচালনা করে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News